ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ প্রাক বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বে উঠেছে বাংলাদেশ। ফিরতি খেলায় গোলশূন্য ড্র করে পাকিস্তানের সঙ্গে।
প্রথম খেলায় বাংলাদেশ ৩-০ গোলে হারায় পাকিস্তানকে।
দ্বিতীয় পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন। প্রথম খেলা ২৩ জুলাই লেবাননে। ফিরতি খেলা ঢাকায় ২৮ জুলাই।
লাহোরের পাঞ্জাব স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের খেলোয়াড়দের পায়ে বেশি সময় বল থাকলেও গোল আদায় করতে পারেনি। নিশ্চিত কোনো গোলের সুযোগও তৈরি করতে পারেনি তারা।
তারপরও খেলার ৫৫ মিনিটে এগিয়ে যেতে পারতো পাকিস্তান। আদনান ফারুকের দুর্দান্ত শট গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। আরিফ মাহমুদের ঠেলে দেয়া বল ধরে রক্ষণভাগের একজন খেলোয়াড়কে কাটিয়ে শটটি নিয়েছিলেন তিনি।
বাংলাদেশ যে সুযোগ পায়নি তা বলা যাবে না। ৬৫ মিনিটে আক্রণভাগের খেলোয়াড় জাহিদ হাসান এমিলির অসাধারণ একটি শট ক্রসবার ঠিক উপর দিয়ে চলে যায়।
ঢাকায় প্রথম খেলায় বাংলাদেশের খেলোয়াড়রা ছিলেন দুর্বার। কিন্তু লাহোরে তার লেশমাত্র খুঁজে পাওয়া যায়নি। বরং অনেক বেশি এলোমেলো ফুটবল খেলেছে বাংলাদেশ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০০২৬ ঘ.
bdnews24