ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বল্ডনের শিরোপা জিতেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ। রাফায়েল নাদালকে হারান তিনি ৬-৪, ৬-১, ১-৬ ও ৬-৩ গেমে।
সার্বিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে উইম্বল্ডনের শিরোপা জিতলেন তিনি।
এ নিয়ে নাদালের বিপক্ষে শেষ পাঁচবারের লড়াইয়ের প্রত্যেকটিতে জিতলেন জকোভিচ।
দু'জনের সাম্প্রতিক 'ফর্ম'র জন্য এই খেলাকে বলা হচ্ছিল স্বপ্নের ফাইনাল।
টানা ২১ খেলায় জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিলেন স্পেনের নাদাল। আর জকোভিচ চেয়েছিলেন এ বছরের ৫০তম ম্যাচটি জিতে জয়ের রেকর্ড ৪৯-১ এ নিয়ে যেতে। শেষ পর্যন্ত সফল হন জকোভিচই।
দ্রুত জায়গা পরিবর্তন করার অবিশ্বাস্য ক্ষমতা এবং সঠিক জায়গায় বল ফেলে নাদালকে বোকা বানিয়ে উইম্বল্ডনের ফাইনাল ঠিকই নিজের করে নেন জকোভিচ।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথম সেট জকোভিচ জেতেন ৬-৪ এ। দ্বিতীয় সেটে নাদালকে রীতিমতো নাকাল করে ছাড়েন তিনি। ইচ্ছে মতো ছড়ি ঘোরান নাদালের নাকের ডগায়। আয়েশে দ্বিতীয় সেট জিতে নেন ৬-১ ব্যবধানে।
দ্বিতীয় সেটে এভাবে হেরে যাওয়ায় ক্রোধ যেন চেপে বসে অনেকের প্রিয় খেলোয়াড় রাফা'র উপর। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান সত্যিকারের বীরের মতো। ৬-১ এ জিতে দ্বিতীয় সেটেরই বদলা নেন নাদাল।
তৃতীয় সেটও জেতেন জকোভিচ সহজেই।
চতুর্থ সেট জিতে সেটিকেই ২০১১ সালের উইম্বল্ডনের শেষ সেটে পরিণত করেন। ৬-৩ এ সেটটি জিতলেও একসময় ৩-৩ এ ছিল সমতা। রয়্যাল গ্যালারিতে উপস্থিত সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিচ সে সময় প্রচণ্ড উত্তেজিত পড়েন। এমনভাবে নির্দেশ দিচ্ছিলেন যেন তিনিই জকোভিচের কোচ!
নিজের প্রথম উইম্বলডন ও তৃতীয়বারের মতো গ্র্যান্ড স্লাম জয়ের পর উচ্ছ্বসিত জকোভিচ বলেন, "এ অনুভূতি প্রকাশ করার ভাষা আমার জানা নেই।" এরপর উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান তিনি।
"উইম্বল্ডন জয় আমার ছোটবেলার স্বপ্ন। আজ তা ধরা দিল। বিশ্বের সেরা খেলোয়াড়কে (নাদাল) হারানো নিঃসন্দেহে বিশেষ কিছু। ঘাসের মাঠে আমার সেরাদিন ছিল বলেই হয়তো আমি জিতেছি," বলেন জকোভিচ।
হারের হতাশা নাদালের চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছিল। তাই সহজ কথায় বলেন, "জকোভিচকে শুভেচ্ছা।"
পরে হাসি মুখে বলেন, "প্রথম উইম্বলডন জেতার পর কেমন লাগে আমি জানি। তাই জকোভিচের অনুভূতি আমি বুঝতে পারছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/০০১২ ঘ.
bdnews24