২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার কাপ ৮ জুলাই থেকেই

কেটে গেছে সংশয়, ৮ জুলাইয়েই শুরু হচ্ছে কোটি টাকার ফুটবল প্রতিযোগিতা সুপার কাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 04:53 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেটে গেছে সংশয়, ৮ জুলাইয়েই শুরু হচ্ছে কোটি টাকার ফুটবল প্রতিযোগিতা সুপার কাপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক জরুরি সভায় এই সিন্ধান্ত নেয়া হয়। তবে খেলার দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। প্রতিযোগিতাটি ডাবল লিগ, নাকি সিঙ্গল লিগ পদ্ধতিতে হবে তাও ঠিক করা হয়নি। বাফুফের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, "সিঙ্গল লিগ পদ্ধতিতে আয়োজন করা হতে পারে সুপারকাপ।" ৮ জুলাই প্রতিযোগিতাটি শুরু হবে কি না, তা নিয়ে বাফুফের একটি মহল থেকেই সংশয় প্রকাশ করা হয়েছিল। যদিও খেলা শুরুর তারিখ ঠিক করেছিল বাফুফেই। বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পেলে বাংলাদেশকে মাঠে নামতে হবে ২৩ ও ২৮ জুলাই, লেবাননের বিপক্ষে। তাই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে এই খেলা ও প্রস্তুতির জন্য ৮ জুলাই সুপার কাপ নাও শুরু হতে পারে। বাংলাদেশ লিগের শীর্ষ ছয়টি দলকে নিয়ে আয়োজন করা হচ্ছে সুপার কাপ। দলগুলো হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র, ঢাকা আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা মোহামেডান। দলগুলোর মধ্যে ব্রাদার্স ইউনিয়ন ছাড়া সব দলই শুক্রবার থেকে প্রস্তুতি নেয়া শুরু করেছে। ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলেন, "আমরা এখনো জানি না যে কবে সুপার কাপ শুরু হবে। তাই আমাদের প্রস্তুতি নেয়া শুরু হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২২৯ ঘ.