২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেত্রা ভিতোভা

মারিয়া শারাপোভাকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে উইম্বলডন শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা ভিতোভা। এটা তার প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মারিয়া শারাপোভাকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে উইম্বলডন শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা ভিতোভা। এটা তার প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা। শনিবারের ফাইনালে তিনি ৬-৩ ও ৬-৪ গেমে হারান শারাপোভাকে। গতবছর যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের কাছে হেরে উইম্বলডনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন ভিতোভা। মেয়েদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের আট নম্বর খেলোয়াড় ভিতোভা এবারই প্রথম কোনো 'গ্র্যান্ড স্লাম' প্রতিযোগিতার ফাইনাল খেলেন। আর ফাইনাল খেলতে এসেই শিরোপা জয়। যদিও 'টপ ফেভারিট' ছিলেন রাশিয়ার শারাপোভাই। দুঃসময়কে পেছনে ফেলে এবারের উইম্বলডনে দূর্দান্ত খেলেছেন শারাপোভা। ছেলে ও মেয়েদের একক মিলিয়ে তিনি একমাত্র খেলোয়াড় যিনি ফাইনাল পর্যন্ত আসতে একটি সেটও হারেননি। তাই সবাই ধরে নিয়েছিলেন ২০০৪ সালের পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছেন শারাপোভা। সেবার মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন শিরোপা জিতে টেনিস বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি। অথচ ফাইনালে ওই শারাপোভাকেই কিনা দাঁড়াতেই দেননি ভিতোভা। যদিও শারাপোভার প্রথম সার্ভটাই 'মিস' করে পয়েন্ট খোয়ান তিনি। এরপরই যেন শারাপোভার উপর ঝাঁপিয়ে পড়েন ভিতোভা। মূলত আক্রমণাত্মক খেলতে অভ্যস্ত ভিতোভার নীচু হয়ে আসা বিশাল 'গ্রাউন্ডস্ট্রোক' গুলো সামলাতে রীতিমত কষ্ট হচ্ছিলো শারাপোভার। ম্যাচ শেষে ভিতোভা বলেন, "কোর্টের অনুভূতি বর্ণনা করা সত্যি কঠিন। আমি ফাইনাল নিয়ে ভাবিনি। বরং আমার পুরো মনযোগ ছিলো পয়েন্টের উপর।" ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন টেনিসের জীবন্ত কিংবদন্তী মার্টিনা নাভ্রাতিলোভা। তিনি বলেন, "আমি তার খেলা দেখে অভিভূত। সে সাহসী খেলোয়াড়। জয়টা তারই প্রাপ্য ছিলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫০৯ ঘ.