২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বল্ডনের নতুন রাণী ভিতোভা

'টপফেভারিট' মারিয়া শারাপোভাকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো উইম্বল্ডনের শিরোপা জয় করলেন অষ্টম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা ভিতোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'টপফেভারিট' মারিয়া শারাপোভাকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো উইম্বল্ডনের শিরোপা জয় করলেন অষ্টম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা ভিতোভা। শনিবার মেয়েদের এককের চূড়ান্ত লড়াইয়ে শারাপোভাকে ৬-৩ ও ৬-৪ গেমে সরাসরি সেটে হারিয়ে অল ইংল্যান্ড ক্লাবে নিজের নাম তোলেন ২১ বছর বয়সী ভিতোভা। ভেঙ্গে দেন শারাপোভার দ্বিতীয়বারের মতো উইম্বল্ডন জয়ের স্বপ্ন। টানা ১৮ ম্যাচ পর থামান শারাপোভার জয়রথ। এই উইম্বল্ডনে একটিও সেট না হারা শারাপোভাকে দুই সেটেই হারের লজ্জা দেন। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বল্ডনের শিরোপা শারাপোভার হাতেই উঠেছিল। এই জয়ের মাধ্যমে টেনিস জীবনের প্রথম গ্রান্ড স্ল্যাম জয় করলেন ভিতোভা। একই সঙ্গে অ্যানি জোনস ও মার্টিনা নার্ভাতিলোভার পর তৃতীয় বাঁ-হাতি হিসেবে উইম্বল্ডন জয়ের কীর্তি গড়লেন এই চেক সুন্দরী। গত বছরকে হিসেবের খাতায় ধরলে উইম্বল্ডনের সবুজ ঘাসে একবারও জয়ের দেখা পাননি ভিতোভা। স্বাভাবিকভাবেই 'আন্ডারডগ' হয়েই মাঠে নেমেছিলেন। জীবনের প্রথম গ্রান্ড স্ল্যাম ফাইনাল আর প্রতিপক্ষ শারাপোভা। চাপে পড়ে 'মিস' করেন প্রথম সার্ভটাই, বিলিয়ে দেন পয়েন্ট । এমন ভয়ঙ্কর শুরুর পড়েও ফিরে আসেন ভিতোভা। তার 'পাওয়ারফুল' ও মাটিঘেঁষা আক্রমণাত্মক শটগুলো ঠেকাতে বেশ কষ্ট হচ্ছিল শারাপোভার। প্রথম সেটে ভিতোবা জেতেন ৬-৩ গেমে। দ্বিতীয় সেটে 'ফাইটব্যাক' করার চেষ্টা করলেও পারেননি শারাপোভা। ৪-৬ এ হেরে হতাশ চোখে দেখতে হয় নতুন রাণী ভিতোভার উল্লাস। ফাইনাল জয়ের সঙ্গে সঙ্গে হাঁটু ভেঙ্গে বসে পড়েন ভিতোভা। আনন্দ হয়ে অশ্র" ঝরতে থাকে দু'চোখ বেয়ে। সেন্টার কোর্টের রয়্যাল বক্সে তখন উপস্থিত টেনিসের দুই কিংবদন্তী নাভ্রাতিলোভা ও জানা নভোতনা। উপস্থাপকের প্রশ্নের উত্তরে ছোট্ট করে ভিতোভা বলেন, "রয়্যাল বক্সে বসা এত বড় খেলোয়াড়দের সামনে এই ট্রফি হাতে কিছু বলা কষ্টসাধ্য। হ্যাঁ, আমি খুশী। কারণ আমি জিতেছি।" পরাজিত শারাপোভা শান্তস্বরে নিজের অভিব্যক্তি জানান, "আমি অনেক দিন ধরেই ভক্তদের ভালোবাসা পেয়ে এসেছি। পুনরায় এমন মঞ্চে ফিরে এসে রানারআপ ট্রফি হাতে নেওয়া অনেক বড় ব্যাপার। যদিও, আমি বড় ট্রফিটাই চেয়েছিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৯৫০ ঘ.