ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামছে রোববার। প্রতিপক্ষ ভেনেজুয়েলা।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।
খেলাটি হবে বুয়েন্স আয়ার্সের স্ট্যাডিও লা প্লাটাতে।
ব্রাজিল কোচ মানো মেনেজেস নির্দ্বিধায় চাইবেন বর্তমান চ্যাম্পিয়নদের শুভ সূচনা হোক। প্রথম ম্যাচেই আর্জেন্টিনা ধাক্কা খাওয়ায় বাড়তি সর্তকতাও অবলম্বন করতে পারেন তিনি।
ভেনেজুয়েলা কোচ সিজার ফারিয়াস নতুন ও তারুণ্যদীপ্ত এক দল নিয়ে 'সেলেকাও' বধের আশায় আছেন। রোসারেস, রিঙ্কন, রন্ডন ও ওরোজকোরা ব্রাজিলের প্রতিভাবানদের সঙ্গে কাগজে কলমে না তাল মেলাতে না পারলেও মাঠের নেমে ঘুরিয়ে দিতে পারেন খেলার মোড়। ইউরোপের দলবদলের বাজারে নিজেদের চেনাতে এবং মূল্য বাড়াতে এ এক দারুণ সুযোগ তাদের জন্য।
কোপা ইতিহাস অবশ্য ভিন্ন কথা বলছে। ব্রাজিল যেখানে আট বার তাদের শোকেসে কোপার শিরোপা তুলেছে, ভেনেজুয়েলা সেখানে শিরোপার আশে পাশেও ঘেঁষতে পারেনি একবারের জন্যেও। আর শেষবার কোপা শিরোপা ব্রাজিলের হাতে উঠেছে ওই ভেনেজুয়েলাতেই।
নেইমার, পাতো, গানসো আর এলানোর মতো খেলোয়াড়দের ছাপিয়ে এই খেলায় সবার মধ্যমণি হতে পারেন ব্রাজিল অধিনায়ক লুসিও। হলুদ-নীল জার্সি পড়ে নিজের ১০০তম ম্যাচে খেলতে নামবেন তিনি। রক্ষণের দুর্দান্ত সেনানী নিজের জাতটা আরও একবার তুলে ধরতে চাইবেন বিশ্ব ফুটবলের দরবারে।
এখন পর্যন্ত একবারও বিশ্বকাপে খেলার স্বাদ পায়নি ভেনেজুয়েলা। তবে আক্রমণভাগের অভিজ্ঞ খেলোয়াড় জিয়ানকার্লো মালদোনাদোকে ঘিরে ব্রাজিল রক্ষণ কাঁপানোর ক্ষমতা তাদের আছে। জাতীয় দলের হয়ে ৫৫ ম্যাচে ২০ গোল করেছেন তিনি।
দু'দল শেষবার মুখোমুখি হয়েছিল প্রায় ২১ মাস আগে। ২০১০ বিশ্বকাপ বাছাই পর্বের সে খেলার কথা ব্রাজিল স্মরণ করতে চাইবে না সহসা। গোলশূন্য ড্র করার তিক্ত অভিজ্ঞতার কথা কেনই বা মনে করবে সাম্বার দেশ?
সেই ড্রয়ের আগের ম্যাচটি ৪-০ গোলের বড় ব্যবধানে জিতলেও তার আগের ম্যাচটি আবার ২-০ গোলে হেরেছে সেলেকাওরা!
তারমানে সমীকরণ দাড়াচ্ছে, দু'দলের শেষ তিন লড়াইয়ে ব্রাজিল জিতেছে একবার, একটি খেলা ড্র করেছে আর হেরেছে অন্যটিতে।
তবে ফুটবল আসলে মাঠের খেলা। পরিসংখ্যানের জায়গা সেখানে নেই। কোচ মেনজেসের কৌশলের কারণে ডাগআউটে বসে থাকতে হতে পারে স্যান্তোসের মধ্যমণি এলানোকে। গানসোকে মাঝমাঠে রেখে কোচের হিসেবে সামনে খেলার কথা পাতো , রবিনহো ও নেইমারের। তিনদিকের আক্রমণ সামলাতে হিমসিমই খাওয়ার কথা ভেনেজুয়েলার।
আর ভেনেজুয়েলা কোচ ফারিয়াসের তুরুপের তাস হলো অনূর্ধ্ব-১৯ দল থেকে টেনে আনা দুই খেলোয়াড় সালোমান রন্ডন ও ইয়োহানড্রাই ওরোজকো।
ভেনেজুয়েলা কি পারবে ব্রাজিলকে আটকাতে, নাকি নেইমারের ব্রাজিলের সামনে উড়ে যাবে খড়কুঁটোর মতো? সে প্রশ্ন ৩ জুলাই মধ্যরাতেই জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২০৪৪ ঘ.
bdnews24