২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি হতাশ, প্রতিপক্ষের প্রশংসায় মাসচেরানো

কোপা আমেরিকার উদ্বোধনী খেলায় বলিভিয়ার সঙ্গে ড্র করায় হতাশ হয়েছেন আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি। আর অধিনায়ক মাসচেরানো দূর্বল প্রতিপক্ষ বলিভিয়াকে ভাসিয়েছেন প্রশংসার বন্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকার উদ্বোধনী খেলায় বলিভিয়ার সঙ্গে ড্র করায় হতাশ হয়েছেন আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি। আর অধিনায়ক মাসচেরানো দূর্বল প্রতিপক্ষ বলিভিয়াকে ভাসিয়েছেন প্রশংসার বন্যায়। ফুটবল বিশ্বকে অবাক করে কোপা আমেরিকার ৪৩তম আসরের প্রথম খেলায় বাজিমাত করেছে বলিভিয়া। ৭৬ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে ছিল তারা। বদলি সার্জিও অ্যাগুয়েরো গোল না করলে জয় নিয়েই মাঠ ছাড়া পারতো দলটি। অ্যাগুয়েরো বাদে আর্জেন্টিনা দলের প্রায় সবাই হতাশ করেছেন। বার্সেলোনা 'সুপারস্টার' মেসিও তাদের একজন। জাতীয় দলের হয়ে মাঠে নামলেই নিজেকে হারিয়ে খোঁজেন তিনি। শনিবারের ম্যাচটিতেও তার ব্যতিক্রম হয়নি। আকাশি-নীল জার্সিতে বার্সেলোনার মেসিকে পাওয়া যায়নি। অপ্রত্যাশিত ড্রয়ে ম্যাচ শেষে হতাশা ঝরেছে তার কণ্ঠে, "আমরা হতাশ, কারণ যে লক্ষ্যে নেমেছিলেন তা পূরণ হয়নি।" সমতাসূচক গোলটির জন্য অ্যাগুয়েরোকে ধন্যবাদও জানিয়েছেন অনেকের মতে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি, "আচমকা গোলে তারা (বলিভিয়া) আমাদের অবাক করেছে। কুনের (অ্যাগুয়েরোর ডাকনাম) কারণে ড্র করতে পেরেছি, তাকে ধন্যবাদ।" অধিনায়ক মাসচেরানো প্রতিপক্ষকে ম্যাচ শেষে প্রাপ্য সম্মানটাই দিয়েছেন। তিনি বলেন, "নিঃসন্দেহে আপনি জিততে চাইবেন। কিন্তু বলিভিয়া পরিস্থিতি কঠিন করে তুলেছিল।" "পরের ম্যাচে আরও ভালো করতে হবে", যোগ করেন মাসচেরানো। আর্জেন্টিনার পরবর্তী খেলা ৭ জুলাই, প্রতিপক্ষ কলম্বিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৮১৬ ঘ.