ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপ ফুটবলে শুক্রবার মেক্সিকোকে ০-৪ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছেছে জাপান।
হ্যাট্রিক করেন জাপানের হোয়ারে শেওয়া। অন্য গোলটি করেন শিনোবু ওহনো।
দিনের অন্য খেলায় ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে যায় নিউজিল্যান্ড। গ্র"প পর্বে নিজেদের প্রথম খেলাতেও জাপানের বিপক্ষে একই ব্যবধানে হেরে গিয়েছিলো দলটি। ফলে টানা দুই ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে নিউজিল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে গেল।
গ্র"প পর্বের শেষ খেলায় ইংল্যান্ড মুখোমুখি হবে জাপানের। আর মেক্সিকো খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। যেহেতু ইংল্যান্ড-মেক্সিকো খেলা ১-১ গোলে ড্র হয়েছিলো তাই শেষ আটে যাওয়ার দরজা খোলা আছে দুই দলের জন্যই।
খেলার শুরু থেকেই মেক্সিকোকে চেপে ধরে জাপান। ১৫ মিনিটের মাথায় ফ্রি-কিক বলে মাথা ছুঁইয়ে তা জালে পাঠিয়ে দেন ওহনো। মাত্র দুই মিনিট পর চমৎকার ভাবে মেক্সিকোর রক্ষণভাগের দুই খেলোয়াড়কে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন হোয়ারে।
বিরতির ছয় মিনিট আগে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন হোয়ারে। কর্ণার কিক থেকে উড়ে আসা বলে মাথা দিয়ে গোলটি করেন তিনি।
জাপানের মাঝমাঠের খেলোয়াড় হোয়ারে ৮০ মিনিটে গোল করে তার হ্যাট্রিক পূরণ করেন। এবারের আসরে এটা প্রথম হ্যাট্রিক।
অন্য খেলায় পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জেতে ইংল্যান্ড। দর্শকদের হতভম্ব করে দিয়ে খেলার ১৮ মিনিটে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে নেন সারাহ গ্রেগোরিয়াস। ইংল্যান্ডের রক্ষণভাগের দুই খেলোয়াড়ের পাহারায় থাকার পরও অ্যাম্বের ক্রস থেকে পাওয়া বল দারুণভাবে জালে জড়ান তিনি। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। ৬৩ মিনিটে মাথা দিয়ে গোল করে সমতা ফেরান ইংল্যান্ডের জিল স্কট। আর ৮১ মিনিটে ইংল্যান্ডের হয়ে জয়-সূচক গোলটি করেন জেসিকা ক্লার্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/এএনএম/১৬৫৭ ঘ.
bdnews24