২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে জকোভিচ ও নাদাল

উইম্বলডনে ছেলেদের এককের ফাইনালে খেলবেন স্পেনের রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক জকোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 06:40 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনে ছেলেদের এককের ফাইনালে খেলবেন স্পেনের রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক জকোভিচ। ফাইনাল খেলা রোববার। প্রথম সেমিফাইনালে শুক্রবার জকোভিচ ৭-৬ (৭-৪), ৬-২, ৬-৭ (৯-১১) ও ৬-৩ গেমে ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে হারিয়ে টেনিস জীবনে প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেন। এই খেলায় জিতে রাফায়েল নাদালকে সরিয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিলেন জকোভিচ। র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ তালিকা প্রকাশ করা হবে সোমবার। অন্য সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন নাদাল ৫-৭,৬-২,৬-২ ও ৬-৪ গেমে হারান যুক্তরাজ্যের অ্যান্ডি মারেকে। যদিও মারে প্রথম সেট জিতে দর্শকদের মনে আশা জাগিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত তাদের হতাশই করেন ঘরের ছেলে মারে। গত বছরও উইম্বলডনের সেমিফাইনালে নাদলের কাছে হেরে বিদায় নিয়েছিলেন তিনি। সোঙ্গাকে হারিয়ে চলতি বছরের ৪৭তম জয় তুলে নেন জকোভিচ। কোর্টে নামেন ৪৮ বার। হারেন মাত্র একবার, ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে রজার ফেদেরারের বিপক্ষে। জকোভিচ এখন পর্যন্ত দুটি গ্রান্ড স্ল্যাম জিতেছেন। আর নাদালের ঝুলিতে আছে ১০টি 'গ্র্যান্ড স্লাম' শিরোপা। এর মধ্যে ফ্রেন্স ওপেন শিরোপা ৬টি ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০ ও ২০১১), উইম্বলডন শিরোপা ২টি (২০০৮ ও ২০১০) এবং একটি করে অস্ট্রেলিয়ান ওপেন (২০০৯) ও ইউএস ওপেন (২০১০) শিরোপা। শিরোপার হিসেবে অনেক এগিয়ে নাদাল। কিন্তু এই বছরটা স্বপ্নের মত পার করছেন জকোভিচ। আর তাই ফাইনালে প্রতিপক্ষকেই কিছুটা এগিয়ে রেখেছেন নাদাল। বলেন, "বর্তমানে তার (জকোভিচ) মানসিক অবস্থা আমার চাইতে একটু ভালো। কারণ শেষ যে চারটি প্রতিযোগিতার ফাইনালে আমরা মুখোমুখি হয়েছি তার সবগুলোতেই তিনি জিতেছেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি একাগ্রতা ও ছন্দের সঙ্গে আক্রমণাত্মক খেলা খেলবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৬৪৭ ঘ.