ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেনিস জীবনে প্রথমবারের মতো উইম্বল্ডনের ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে হারান তিনি ৭-৬ (৭-৪), ৬-২, ৬-৭ (৯-১১) ও ৬-৩ গেমে।
এই খেলায় জিতে রাফায়েল নাদালকে সরিয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিলেন জকোভিচ। র্যাঙ্কিংয়ের সর্বশেষ তালিকা প্রকাশ করা হবে সোমবার।
শুক্রবার শেষ চারের লড়াইয়ে হারলেও সোঙ্গা তার দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জয় করে নেন টেনিস অনুরাগীদের মন। একের পর এক 'ফোরহ্যান্ড' আর 'ডাইভিং' শটে ব্যাপক আনন্দ দেন দর্শকদের। তৃতীয় সেটে ৫-২ এ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জেতেন টাইব্রেকারে। চতুর্থ সেটে আর কুলিয়ে উঠতে পারেননি সার্বিয়ার জকোভিচের সঙ্গে।
সোঙ্গাকে হারিয়ে চলতি বছরের ৪৭তম জয় তুলে নেন জকোভিচ। কোর্টে নামেন ৪৮ বার। হারেন মাত্র একবার। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে অপ্রতিরোধ্য রজার ফেদেরারের সামনে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় ছিল না তার।
প্রতিযোগিতার ছয়টি খেলায় অংশ নিয়ে প্রতিটিতেই জিতেছেন। সামনে শুধু ফাইনাল। প্রতিপক্ষ হবেন দ্বিতীয় সেমিফাইনালে রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারের মধ্যে যিনি জিতবেন তিনি। ফাইনালে জিতলেই প্রথমবারের মতো উইম্বল্ডনের শিরোপা উঠবে জকোভিচের হাতে।
এখন পর্যন্ত দু'বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সার্বিয়ার এই খেলোয়াড়। গ্র্যান্ড স্লাম জয় বলতে ওইটুকুই সম্বল তার।
সেমিফাইনালে জেতার পরপরই উইম্বল্ডনের সবুজ ঘাসে শুয়ে পড়েন জকোভিচ। একটু পর উঠে দাঁড়িয়ে হাঁটু নিচু করে চুমু খান মাটিতে। আবেগ আপ্লুত হয়ে কাঁপতে কাঁপতে মাইক্রোফোনের সামনে দঁড়িয়ে বলেন, "এত অল্প সময়ে নিজের আবেগের পুরোটা ব্যাখ্যা করা খুবই কষ্টকর। আশা করছি, সামনে উদযাপন করার মতো আরো সুন্দর উপলক্ষ পাবো।"
কথাটির মাধ্যমে চূড়ান্ত খেলায় জয়ের ইঙ্গিতই যেন দিয়ে রাখলেন জকোভিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২৫৫ ঘ.
bdnews24