ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা ও রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় কুইক উলফের মনে করেন, ক্রিশ্চিয়ানো রোনালদো নয়, লিওনেল মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়।
গোলডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে উলফ রোনালদোকে শুধ মেসির পেছনেই রাখেননি, তাকে স্বার্থপর খেলোয়াড় হিসেবেও অভিহিত করেন।
রোনালদো ও মেসি ছাড়াও কোপা আমেরিকা ও আর্জেন্টিনার সফলতম দল রিভার প্লেটের অবনমন নিয়েও কথা বলেন তিনি।
মেসি সম্পর্কে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বলেন, "তিনিই সেরা ও সবার চেয়ে আলাদা। গোলের জন্য সম্ভাব্য সব কিছুই করেন তিনি। আমার মনে হয়, তিনিই (মেসি) প্রকৃত খেলোয়াড়, যিনি দলকে সঠিক পথে রাখেন।"
পর্তুগালের রোনালদোকে মেসির পাল্লায় মাপতে না চাইলেও উলফের মতে তিনিও অসাধারণ খেলোয়াড়। তবে রোনালদো বল পায়ে বেশিক্ষণ রাখেন বলে তাকে খোঁচা মারতেও ছাড়েননি তিনি, "আমার কাছে রোনালদোকেও অসাধারণ মনে হয়। কিন্তু, তিনি স্বার্থপর। মাঝে মাঝে এমনও মনে হয়, তিনি রিয়াল মাদ্রিদের জন্য নয়, খেলছেন 'স্পোর্টিং রোনালদো' নামের কোনো দলের হয়ে। তারপরও একথা মানতে হবে যে তিনি ভালো খেলোয়াড় এবং আক্রমণাত্মকও বটে।"
১ জুলাই শুরু হচ্ছে কোপা আমেরিকার ৪৩তম আসর। উলফের ধারণা, সবাই ব্রাজিল আর আর্জেন্টিনাকে 'ফেভারিট' মানলেও এবার উরুগুয়ে চমক দেখাতে পারে। তার তালিকায় চিলি ও প্যারাগুয়ের নামও আছে।
৭০'র দশকে রিভার প্লেটের হয়ে বেশ কয়েক বছর খেলেছেন উলফ। রিভারের অবনমনে দলটির সাবেক খেলোয়াড় কিছুটা ক্ষুদ্ধ, "আগের মৌসুমেও রিভারের অবস্থা খুব একটা ভালো ছিল না। এবারও সমস্যা থেকে মুক্ত হতে পারেনি, পরিণামে অবনমন দেখতে হলো দলটিকে।"
আর্জেন্টিনার হয়ে ২৭ বার মাঠে নামেন উলফ। রিয়াল মাদ্রিদের হয়ে সংখ্যাটা ৬৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৪৯ ঘ.
bdnews24