২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে জার্মানি ও ফ্রান্স

টানা দুই খেলায় জিতে মেয়েদের বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি ও ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা দুই খেলায় জিতে মেয়েদের বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি ও ফ্রান্স। গ্র"প পর্যায়ে নিজেদের দ্বিতীয় খেলায় বৃহস্পতিবার জার্মানি ১-০ গোলে নাইজেরিয়াকে ও ফ্রান্স ৪-০ গোলে কানাডাকে হারায়। ফ্রান্সের পক্ষে গোল দু'টি করেন জিতানে থিনে। এছাড়া ক্যামিলে অ্যাবিলি ও এলোডি থমিস একটি করে গোল দেন। জার্মানির পক্ষে একমাত্র গোলটি করেন সিমোন লুডের। প্রথম থেকেই গতিময় ফুটবল খেলে ফ্রান্স বার বার হানা দিতে থাকে কানাডার রক্ষণভাগে। আক্ষরিক অর্থেই ফ্রান্সের দ্রুত গতির ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারছিলেন না কানাডার খেলোয়াড়রা। ২৩ মিনিটে রক্ষণভাগের দুর্বলতার কারণে প্রথম গোলটি হজম করতে হয় কানাডাকে। এলিসের বাড়ানো বল পেয়ে যান অরক্ষিত থিনে। গোলরক্ষক এরিন কিছু বুঝে ওঠার আগেই মাথা দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। ৫৯ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটিও করেন তিনি। ৬৫ মিনিটে তৃতীয় গোলের দেখা প্রায় পেয়ে যাচ্ছিল ফ্রান্স। কিন্তু কর্নারের বিনিময়ে গোল লাইনের উপর থেকে বল ফিরিয়ে দেন কানাডার জোনেলে ফিলিগনো। তবে এতেও শেষ রক্ষা হয়নি। ওই কর্নার কিক থেকে গোল করে ৩-০ ব্যবধানে দলকে এগিয়ে নেন অ্যাবিলি। কানাডার কফিনে শেষ পেরেকটি ঠোকেন বদলি খেলোয়াড় থমিস। ৮৩ মিনিটে লিসা নেসিবের কাছ থেকে বল পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে তা জালে পাঠিয়ে দেন তিনি। দিনের অন্য খেলায় বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে পাল্লা দিয়েই খেলছিল নাইজেরিয়া। প্রথমার্ধে তারা ভালোভাবেই ঠেকিয়ে রাখে জার্মানিকে। তবে খেলার ৫৪ মিনিটে নাইজেরিয়ার গোলপোস্টের সামনে বল নিয়ে জটলার মধ্য থেকে গোল করে বসেন জার্মানির লুডের। শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে প্রতিযোগিতার স্বাগতিক দেশটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিআর/১৭৫৩ ঘ.