২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দল

বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের প্রথম পর্বের ফিরতি খেলায় পাকিস্তানকে হারানোর লক্ষ্য নিয়ে শুক্রবার সকালে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের প্রথম পর্বের ফিরতি খেলায় পাকিস্তানকে হারানোর লক্ষ্য নিয়ে শুক্রবার সকালে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ দল। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে করে বৃহস্পতিবার রাত ২ টায় বাংলাদেশ দল পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। প্রথমে রাত ১১ টার ফ্লাইটে ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে যাত্রার সময় পিছিয়ে দেয়া হয়। খেলা হবে ৩ জুলাই লাহোরে। ঢাকায় প্রথম খেলায় পাকিস্তানকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে দলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য বলেন, "ঢাকায় খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ফিরতি খেলায়ও আমরা জিতবো।" "প্রথম খেলায় বড় ব্যবধানে জেতায় খেলোয়াড়দের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাই ফিরতি খেলায় না জেতার কোনো কারণ কারণ দেখছি না, " বলেন বাংলাদেশ দলনায়ক। কোচ নিকোলা ইলিয়েভস্কি বলেন, "পরের খেলাতেও জেতার ব্যাপারে আমরা আশাবাদী। প্রথম ম্যাচে খেলোয়াড়দের খেলা দেখে আমি আশাবাদী হয়ে উঠেছি।" এদিকে ২৩ সদস্যের দল থেকে ২০ জন খেলোয়াড় নিয়ে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। কোন পদ্ধতিতে দল খেলবে তা চূড়ান্ত হয়ে যাওয়ায় তিন খেলোয়াড়কে নিয়ে যাওয়া হচ্ছে না। তারা হলেন মাঝমাঠের খেলোয়াড় মারুফ আহমেদ, আক্রমণভাগের সোহেল রানা ও রক্ষণভাগের খেলোয়াড় উত্তম কুমার বনিক। দল: বিপ্লব ভট্টাচার্য, মোহাম্মদ নেহাল, মামুন খান, নাসিরুল ইসলাম নাসির, মামুন মিয়া, আরিফুল ইসলাম, রেজাউল করিম, ইউসুফ আলী খান, ইয়ামিন আহমেদ মুন্না, আতিকুর রহমান মিশু, জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসেন, মিথুন চৌধুরী, শাকিল আহমেদ, আব্দুল বাতেন কমল, মোনায়েম খান রাজু, মোহাম্মদ লিঙ্কন, মামুনুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ ও শাখাওয়াত হোসেন রনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এএনএম/১০২৩ ঘ.