ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপে তৃতীয় দিন মঙ্গলবার যুক্তরাষ্ট্র ২-০ গোলে উত্তর কোরিয়াকে হারিয়েছে। আর কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে সুইডেন।
যুক্তরাষ্ট্রের পক্ষে গোল দু'টি করেন লরেন চেনি ও র্যাচেল বুয়েলার। সুইডেনের হয়ে একমাত্র গোলটি দেন জেসিকা ল্যান্ডস্ট্রম।
এ নিয়ে টানা চারটি বিশ্বকাপে গ্র"প পর্যায়ে মুখোমুখি হলো যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। এর মধ্যে তিনবার জিতেছে যুক্তরাষ্ট্র। একটি ম্যাচ অমীমাংসিত ছিল।
হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে উত্তর কোরিয়ার কোচ কিম ওয়াং মিন বলেন, "৮ জুন পিয়ংইয়ংয়ে অনুশীলনের সময় বজ্রপাতের কারণে তার দলের কয়কজন খেলোয়াড়কে হাসপাতালে যেতে হয়। এ জন্য তাদের দলে রাখা সম্ভব হয়নি।"
বজ্রপাতে আহত হন গোলরক্ষক হং মিয়ং হাউইসহ রক্ষণভাগ ও মাঝমাঠের কয়েকজন খেলোয়াড়।
এমন কি, উত্তর কোরিয়ার কয়েকজন ফুটবলার এই খেলায় মাঠে নামার মতো যথেষ্ট সুস্থ ছিলেন না বলে জানান মিন।
র্যাঙ্কিংয়ে মেয়েদের ফুটবলের শীর্ষ দল যুক্তরাষ্ট্র শুরুটা ভালোই করে। গতি ও বল আদান-প্রদানের মধ্য দিয়ে খেলা নিয়ন্ত্রণে রাখেন খেলোয়াড়রা। তবে মাঝমাঠের পরই খেই হারিয়ে ফেলছিলেন।
খেলায় গোলের প্রথম সুযোগ পায় উত্তর কোরিয়া। গোলপোস্টের খুব কাছ থেকে শট নেন কিম সু জিয়ং। তবে দক্ষতার সঙ্গে তা রুখে দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক হোপ সলো।
দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রের চেনি গোলপোস্ট লক্ষ্য করে দু'বার শট নেন। কিন্তু বল চলে যায় সোজা কোরিয়ার গোলরক্ষক হংয়ের হাতে। তবে ৫৪ মিনিটে আর কোনো ভুল করেননি চেনি। অ্যাবে ওয়ামব্যাচ আড়াআড়িভাবে বল তুলে দেন প্রতিপক্ষের গোল মুখে। সেই বল মাথা দিয়ে চেনি জালে পাঠিয়ে দেন।
যুক্তরাষ্ট্রের হয়ে চেনির এটি চতুর্দশ গোল।
খেলার ৬৫ মিনিটে ওয়ামব্যাচের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৭৩ মিনিটে অ্যামি রড্রিগুয়েজের শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত ৭৬ মিনিটে বুয়েলার গোল ব্যবধান দ্বিগুণ করেন।
যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের এই খেলোয়াড়ের এটি দ্বিতীয় গোল।
শনিবার গ্র"প পর্যায়ের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৫১৬ ঘ.
bdnews24