ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপের ষষ্ঠ আসরের উদ্বোধনী দিনে প্রথম খেলায় নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। জয়সূচক গোলটি করেন মেরি লরে দেলি।
প্রতিযোগিতার প্রথম খেলা হলেও আনুষ্ঠানিকভাবে এটিকে বলা হচ্ছে দ্বিতীয় ম্যাচ। আনুষ্ঠানিক উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি ও কানাডা। এই খেলার আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
ফ্রান্স ও নাইজেরিয়া, দু'টি দলের একটিকেও 'ফেভারিট' ধরা হচ্ছে না। তবে ২৫ হাজারেরও বেশি দর্শকের সামনে চমৎকার ফুটবল উপহার দিয়েছে তারা।
প্রথমার্ধে মাঠ ফ্রান্সের দখলে থাকলেও দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসে নাইজেরিয়া। তারপরও বল দখলের লড়াইয়ে এগিয়েছিল ওই ফ্রান্সই।
ফ্রান্সের ১৫টি কর্নারের বিপক্ষে নাইজেরিয়া আদায় করতে পারে মাত্র ৭টি কর্নার।
খেলার একমাত্র গোলটি হয় দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে। ডান প্রান্ত থেকে ইউজেনি লে সমারের বাড়ানো বল মাটি ঘেঁষে নাইজেরিয়ার জালে জড়িয়ে দেন মেরি।
১৯৯৯ সালের পর থেকে বিশ্বকাপে এই নিয়ে টানা ৮ ম্যাচ হারলো নাইজেরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৪২ ঘ.
bdnews24