ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ইউরো অনূর্ধ্ব-২১ এর শিরোপা ঘরে তুলেছে স্পেন।
পুরো প্রতিযেগিতায় কোনো খেলায় হারেনি সুইজারল্যান্ড। শেষ খেলায় এসে শেষ রক্ষা হলো না তাদের। হার মানতে হলো আন্দার হেরেরা ও থিয়াগো নাসিমান্তোর গোলের কাছে।
তৃতীয় হয়েছে বেলারুশ। ১০ জনের চেক প্রজাতন্ত্রকে হারায় তারা ১-০ গোলে। এর ফলে প্রথমবারের মতো অলিম্পিকে খেলার সুযোগ পেলো তারা।
এবার নিয়ে তৃতীয়বারের মতো যুবাদের ইউরো জিতলো স্পেন। এই শিরোপা সবচেয়ে বেশি পাঁচবার জিতেছে ইতালি।
স্পেনই বর্তমানে ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন।
গোল দু'টি হয়েছে চূড়ান্ত খেলার দুই অর্ধে। প্রতিযোগিতায় প্রথমবারের মতো সুইজারল্যান্ডের জালে বল জড়িয়ে যায় খেলার ৪১ মিনিটে। বাঁ-প্রান্ত থেকে ডিডাচ ভিলা আড়াআড়িভাবে বল ফেলেন প্রতিপক্ষের বক্সে। মাথা দিয়ে গোল করে স্পেনকে এগিয়ে নেন আন্দার।
খেলায় স্পেনের পুরোপুরি প্রাধান্য থাকলেও ৭৭ মিনিটে সুইজারল্যান্ড একটা সুবর্ণ সুযোগ পায়। ফ্রি-কিক নেন শাকিরি। প্রতিপক্ষের বক্সে বল পান পাজটিম কাসামি। তিনি উঁচু করে বল ঠেলে দেন জনাথন রোসিনির কাছে। মাথা ছোঁয়ালেই গোল হয়। অথচ সেই কাজটিই করতে পারেননি রোসিনি।
৮২ মিনিটে স্পেনের জয় নিশ্চিত করেন থিয়াগো। এটিই ছিল প্রতিযোগিতার সেরা গোল। ৪০ গজ দূর থেকে শট নিয়ে বার্সেলোনার থিয়াগো নিজের ভাগ্য পরীক্ষা করেন। সফলও হন তিনি। তার দূর পাল্লার শটটি সবাইকে স্তম্ভিত করে আশ্রয় নেয় সুইজারল্যান্ডের জালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮০৩ ঘ.
bdnews24