ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন বাংলাদেশ লিগে নিজেদের শেষ খেলায় রহমতগঞ্জ এমএফএসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার জেমস মগা ও মিথুন চৌধুরীর জোড়া গোলে এই জয় পায় লিগের রানার্সআপ মুক্তিযোদ্ধা।
মিথুন দলের পক্ষে প্রথম গোলটি করেন ৩৪ মিনিটে। রহমতগঞ্জের রক্ষণভাগের খেলোয়াড় দুম্বা মাইকেলের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে আড়াআড়ি শটে বল পাঠিয়ে দেন তিনি জালে।
৫৪ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান বাড়ান জেমস মগা। মুক্তিযোদ্ধা এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
আট মিনিট পর দলের হয়ে তৃতীয় গোলটি দেন বুকোলা ওলালেকান। খেলার ৬৮ মিনিটে মুক্তিযোদ্ধার পক্ষে চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন মিথুন।
৭৫ মিনিটে পাশবন মোল্লা একটি গোল শোধ করেন। তবে ৮৪ মিনিটে আবার ব্যবধান বাড়ান মগা।
এই জয়ের ফলে ২২ খেলায় মুক্তিযোদ্ধার পয়েন্ট দাঁড়ালো ৫০-এ। আর সমান খেলায় ২৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে রহমতগঞ্জ।
লিগে ১৯ গোল করে শীর্ষে আছেন মগা, ১৬ গোল দিয়ে তার ঠিক পেছনেই রয়েছেন মিথুন।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের অপর খেলায় বানগুরার হ্যাট্রিকে আরামাবাগ ৩-২ গোলে হারিয়েছে নয় জনের চট্টগ্রাম মোহামেডানকে।
খেলার ৩৭, ৩৯ ও ৯০ মিনিটে বানগুরা গোল তিনটি করেন। আর চট্টগ্রাম মোহামেডানের পক্ষে দু'টি গোল শোধ দেন জেরি এবং জাহাঙ্গীর। জাহাঙ্গীর গোলটি করেন পেনাল্টি থেকে।
চট্টগ্রাম মোহামেডানের গোলরক্ষক জেমস পলকে লাল কার্ড দেখানো হয়। দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখেন বিপ্লব।
এই হারের ফলে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ লিগ থেকে নেমে গেল চট্টগ্রাম মোহামেডান। ২২ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে দলটি আছে ১১ নম্বরে। এর আগে চট্টগ্রাম আবাহনী প্রথম দল হিসেবে বাংলাদেশ লিগ থেকে নেমে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৪৫ ঘ.
bdnews24