ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন বাংলাদেশ লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জ এমএফএসের মধ্যে ১১ জুনের খেলা পাতানো ছিল বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ মারুফুল হক।
শনিবার রহমতগঞ্জের বিপক্ষে খেলা শেষে সাংবাদিকদের তিনি বলেন, এর প্রমাণও তার হাতে আছে।
তার দলই লিগের শিরোপা জিতেছে বলে মারুফ দাবি করেন। তিনি বলেন, "মাঠে এবং মাঠের বাইরের ঘটনা প্রভাবিত না করলে মুক্তিযোদ্ধাকে রোখার কারো সাধ্য ছিল না। তাই প্রকৃতপক্ষে আমরাই সেরা।"
যে দলটি চ্যাম্পিয়ন (শেখ জামাল ধানমন্ডি ক্লাব) হয়েছে সেই দলটি খেলে চ্যাম্পিয়ন হয়নি বলে দাবি করেন তিনি।
ম্যাচ পাতানোর প্রমাণ দিতে গিয়ে তিনি বলেন, "১১ জুন খেলা চলার সময় আমি রহমতগঞ্জের ফুটবল কমিটির সহ-সম্পাদক সালাউদ্দিন কালাকে টেলিফোন করে তাকে অনুরোধ করেছিলাম ম্যাচটি ছেড়ে না দিতে। পরে তিনি ভুলে আমার নম্বরে টেলিফোন করে শেখ জামালের কর্মকর্তা মনে করে বলেন, রক্ষণভাগের যে বিদেশি খেলোয়াড় (দুম্বা মাইকেল) সমস্যা সৃষ্টি করছিলেন তাকে তুলে নিয়েছি। এবার যতো পারেন গোল দেন। আমি বললাম 'কালা ভাই' আমি মুক্তিযোদ্ধা কোচ মারুফ। তখন তিনি নিজে নিজেই বলেন যে সমস্যা হয়ে গেল।"
এরপর তিনি দাবি করেন, "এতে কী প্রমাণ হয় না, ম্যাচটি পাতানো ছিল।"
শেখ জামাল খেলায় ৫-২ গোলে জেতে। রহমতগঞ্জ দুই গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। তাই খেলাটি নিয়ে সন্দেহ দেখা দেয়।
২২ খেলায় ৫১ পয়েন্ট নিয়ে শেখ জামাল চ্যাম্পিয়ন এবং সমান খেলায় ৫০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় মুক্তিযোদ্ধা। ওই খেলায় না জিতলে চ্যাম্পিয়ন হতে পারতো না শেখ জামাল।
খেলাটি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন তদন্ত করছে। এরই মধ্যে তদন্ত কমিটি ক্লাব দু'টির কর্মকর্তা ও খেলোয়াড়দের জিজ্ঞাসাবাদ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৩৪ ঘ.
bdnews24