ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন (এসএএফএ) বাফানা বাফানাকে (দ্য বয়েজ) জাতীয় দলের ডাক নাম হিসেবে কিনে নিয়েছে।
ফেডারেশন শুক্রবার এক বিবৃতিতে জানায়, এ জন্য তাদের খরচ হচ্ছে ৫ মিলিয়ন র্যান্ড।
গত ১৮ বছর ধরে 'বাফানা বাফানা'কে 'ট্রেড মার্ক' হিসেবে ব্যবহার করছে ক্রীড়া পোশাক কোম্পানি স্যান্টন উডরাশ। এই নাম ব্যবহার করতে স্যান্টনকে ওই অর্থ দিতে হচ্ছে অ্যাসোসিয়েশনকে।
অ্যাসোসিয়েশনের সভাপতি কার্স্টেন নেমাতান্দানি বলেছেন, "আমাদের ভবিষ্যত এখন উজ্জ্বল। বাফানা বাফানাকে নিজেদের করে নেয়ায় স্পন্সর পাওয়া আরো সহজ হবে। তাদের সঙ্গে আমরা সহজে বড় চুক্তি করতে পারবো।"
অ্যাসোসিয়েশন বিভিন্ন সময় স্যান্টনকে আদালতে চ্যালেঞ্জ করে। কিন্তু প্রতিবারই হারতে হয়।
এর আগে অবশ্য বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি প্রাথমিকভাবে স্বত্বের জন্য ৪১ মিলিয়ন র্যান্ড দাবি করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৪৯ ঘ.
bdnews24