২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের প্রস্তুতিতে ফিফার অসন্তোষ

বিশ্বকাপ আয়োজনে ব্রাজিলের প্রস্তুতিতে সন্তুষ্ট নয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। সংস্থাটি বলছে, ২০১৪ সালের স্বাগতিক দেশ হওয়ার জন্য খুবই তৎপরতা চালিয়েছিল ব্রাজিল, অথচ আয়োজনের ব্যাপারে তার ধারে-কাছেও নেই দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 04:46 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ আয়োজনে ব্রাজিলের প্রস্তুতিতে সন্তুষ্ট নয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। সংস্থাটি বলছে, ২০১৪ সালের স্বাগতিক দেশ হওয়ার জন্য খুবই তৎপরতা চালিয়েছিল ব্রাজিল, অথচ আয়োজনের ব্যাপারে তার ধারে-কাছেও নেই দেশটি। ফিফার সেক্রেটারি জেনারেল জেরোম ভালকে মস্কোয় ওয়ার্ল্ড ফুটবল ফোরামের এক কর্মসূচিতে শুক্রবার বলেন, "রিও ডি জেনিরোর মারাকানাসহ অনেক স্টেডিয়াম এখনো প্রস্তুত নয়। আসলে ব্রাজিলে বিশ্বকাপ আয়োজন প্রধান ব্যাপার নয়, বিশ্বকাপ জেতাই সেখানে মুখ্য।" দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলো নাম প্রত্যাহার করায় অনেক আগেই (২০০৭ সালে) স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করে ফিফা। কিন্তু সাংগঠনিক ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তালগোল পাকিয়ে ফেলেছে দেশটি। মজুরি ও শর্ত নিয়ে নির্মাণ শ্রমিকদের মধ্যে ক্ষোভ রয়েছে। ধর্মঘট শেষে এ সপ্তাহে কেবল একটি স্টেডিয়ামে শ্রমিকরা নির্মাণ কাজে যোগ দিয়েছে। মিনিরাও স্টেডিয়ামের সংস্কারে ৪'শ শ্রমিক কাজ করার কথা থাকলেও বাস্তবে কাজ করছে ১৬০ জন। এই স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে পারে। বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে পার্লামেন্ট সদস্যদের চাপ দেয়া হয়। ভালকে ২০১৮ সালের বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়ার প্রতি দ্রুত প্রস্তুতি সম্পন্ন করার তাগিদ দেন। বিশ্বকাপের জন্য ১২টি স্টেডিয়ামের প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৩২ ঘ.