ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের এশিয়া অঞ্চলের খেলাকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুক্রবার শুরু হয়েছে। প্রথমদিন ১১ খেলোয়াড় ক্যাম্পে যোগ দেন।
তাদের মধ্যে রয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নয়জন, ব্রাদার্স ইউনিয়নের একজন ও ডেনমার্কে জন্মগ্রহণকারী বাংলাদেশী খেলোয়াড় জামাল ভুঁইয়া। শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে কোচ সৈয়দ গোলাম জিলানীর কাছে রিপোর্ট করেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চলে যান খেলোয়াড়রা।
শনিবার চুক্তি সম্পন্ন হলে দলের সঙ্গে যোগ দেবেন নতুন কোচ মেসিডোনিয়ার নিকোলা ইলিয়েভস্কি। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে ২৯ জুন ঢাকায়। ফিরতি খেলা হবে ৩ জুলাই লাহোরে।
খেলোয়াড়রা হলেন রেজাউল করিম, নাসিরুল ইসলাম নাসির, আরিফুল ইসলাম, আতিকুর রহমান মিশু, আব্দুল বাতেন মজুমদার কোমল, শাকিল আহমেদ, জাহিদ হোসেন, মামুনুল ইসলাম মামুন, জাহিদ হাসান এমেলি, ইউসুফ আলী খান ও জামাল ভুঁইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৪১ ঘ.
bdnews24