২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের জয়, ফরাশগঞ্জের হার

শেখ রাসেল ক্রীড়া চক্রের আক্রমণভাগের রাশিয়ার খেলোয়াড় এডোয়ার্ড ভিক্টরের চার গোলের সুবাদে গ্রামীণফেন বাংলাদেশ লিগে দলটি শুক্রবার ৫-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ রাসেল ক্রীড়া চক্রের আক্রমণভাগের রাশিয়ার খেলোয়াড় এডোয়ার্ড ভিক্টরের চার গোলের সুবাদে গ্রামীণফেন বাংলাদেশ লিগে দলটি শুক্রবার ৫-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ৬ মিনিটে এডোয়ার্ডের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ব্যবধান বাড়াতে খুব একট সময় নেয়নি শেখ রাসেল। ১১ মিনিটে গোল দেন এডোয়ার্ড। প্রথমার্ধে আরো একটি গোল করে পায় দলটি। গোল করেন দলের আক্রমণভাগের খেলোয়াড় মোহাম্মদ ইউসুফ। দ্বিতীয়ার্ধে একাই উজ্জ্বলতা ছড়ান এডোয়ার্ড। আরো দু'টি গোল করে আদায় করে নেন হ্যাট্রিক। গোল দু'টি দেন তিনি ৬৫ ও ৮৫ মিনিটে। এ জয়ের ফলে শেখ রাসেল ২২ খেলায় ৪৪ পয়েন্ট নিয়ে রয়ে গেল তালিকার তৃতীয় স্থানে। আর চট্টগ্রাম আবাহনী নিজেদের শেষ খেলায় হেরে বাংলাদেশ লিগ থেকে বিদায় নিল। ২২ খেলায় দলটির পয়েন্ট ৫। দিনের অপর খেলায় ফেনী সকার ক্লাব ২-১ গোলে হারায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে খেলায় ফরাশগঞ্জ প্রথমে এগিয়ে গিয়েও জিততে পারেনি। ৩৯ মিনিটে জুয়েল রানা এগিয়ে নেন ফরাশগঞ্জকে। ৬৮ মিনিটে সকার ক্লাবের রক্ষণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় ফ্রান্সিস সমতা ফেরান খেলায়। দশ মিনিট পর জয়সূচক গোলটি করেন সোহেল। এই জয়ের ফলে সকার ক্লাব ২২ খেলায় ২১ পয়েন্ট নিয়ে রেলিগেশনের ঝুঁকি থেকে চলে গেল নিরাপদ স্থানে। দলটি আছে নবম স্থানে। সমান খেলায় ১৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ফারশগঞ্জ। তাই দলটি রয়েছে রেলিগেশনের শঙ্কায়। আর ১৭ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম মোহামেডান আছে ১১তম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১২৭ ঘ.