ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের নতুন কোচ নিকোলা ইলিয়েভস্কি শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছেন।
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে তার চুক্তিতে সই করার কথা। ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি মেসিডোনিয়া জাতীয় কোচ হিসেবে কাজ করেন।
আগের কোচ ক্রোয়েশিয়ার রবার্ট রুবচিচ চলে যাওয়ার পর তড়িঘড়ি করে বাফুফে মেসিডোনিয়ার চারবারের বর্ষসেরা কোচ জর্জি ইয়োভানোভস্কিকে নিয়োগ দেয়ার ঘোষণা দেয়। কিন্তু বাংলাদেশ দলের দায়িত্ব নিতে তিনি অপারগতা প্রকাশ করেন।
ঢাকায় পা রেখে নতুন কোচ বলেন, "আক্রমণাত্মক ফুটবলই আমার দর্শন। কেননা ফুটবল গোলের খেলা। আক্রমণাত্মক ফুটবল না খেললে গোল করা সম্ভব নয়।"
বাংলাদেশ দল সম্পর্কে ইলিয়েভস্কির খুব একটা ধারণা নাই বলে জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, "শুধু বাংলাদেশই নয়, উপমহাদেশের ফুটবল সম্পর্কেই আমার বাস্তব কোনো ধারণা নেই। বাংলাদেশের খেলা এর আগে কখনও দেখিওনি।"
বাফুফের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, "তাকে বছরে ৭২ হাজার ডলার বেতন দেয়া দেয়া হতে পারে।"
১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে যুগোস্লাভিয়া জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ইলিয়েভস্কি। তিনি তার কোচিং-জীবন শুরু করেন ১৯৮৯ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯০৪ ঘ.
bdnews24