ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কনকাকাফ গোল্ড কাপের ফাইনাল খেলবে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। ফাইনাল খেলা শনিবার।
১৯৯১ সাল থেকে এই প্রতিযোগিতা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১০টি শিরোপার মধ্যে নয়টিই জিতেছে এই দুইটি দেশ।
সেমিফাইনালে বুধবার বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকো ২-০ গোলে হন্ডুরাসকে ও যুক্তরাষ্ট্র ১-০ গোলে পানামাকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। এই নিয়ে টানা চতুর্থবারের মত গোল্ড কাপের ফাইনাল খেলবে যুক্তরাষ্ট্র।
অ্যালডো দে নাইগ্রিস ও হাভিয়ের হার্নান্দেজের গোলে জয় পায় মেক্সিকো। আর যুক্তরাষ্ট্রে হয়ে একমাত্র গোলটি করেন ক্লিন্ট ডেমসি।
হন্ডুরাস সেমিতে হেরে গেলেও মেক্সিকোকে ভালোই ভুগিয়েছে। নির্ধারিত সময়ে তারা মেক্সিকোর সঙ্গে পাল্লা দিয়েই খেলেছে। ৯৩ মিনিটে কর্ণার কিক থেকে উড়ে আসা বল মাথা দিয়ে জালে ঢুকিয়ে মেক্সিকো সমর্থকদের উল্লাসে মাতান নাইগ্রিস। মেক্সিকোর শেষ পাঁচটি খেলার চারটিতে মূল একাদশে ছিলেন না তিনি। এদিনও বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি।
ছয় মিনিট পর নাইগ্রিসের কর্ণার কিকে মাথা ছুঁইয়ে মেক্সিকোর জয় নিশ্চিত করেন হার্নান্দেজ।
অন্য সেমিতে সহজ জয় পায়নি যুক্তরাষ্ট্রও। গ্র"প পর্বে পানামার কাছে ২-১ গোলে হেরেছিল তারা। তাই চাপ ছিল তাদের উপর। খেলার শুরুতে কিছুটা অস্বস্তি দেখা গেছে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের মধ্যে।
প্রথমার্ধে পানামার গোল মুখ লক্ষ্য করে তারা মাত্র তিনটি শট নিয়েছে, যার একটিও সফল হয়নি।
৭০ মিনিটের মাথায় মাঝমাঠে বল দখলের লড়াইয়ে জেতেন যুক্তরাষ্ট্রে বদলি খেলোয়াড় এডু। তিনি বল দেন ডোনাভানকে। পানামার বক্সে বল টেনে নিয়ে যান ডোনাভান। বল ঠেলে দেন ডেমসির দিকে। গোল করতে কোনো ভুল করেননি ডেমসি।
শেষ পর্যন্ত ওই এক গোলের জয় নিয়ে ফাইনালে উঠে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৩০০ ঘ.
bdnews24