২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনাসের শ্বাসরুদ্ধকর জয়

অনেক কাঠখড় পুড়িয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন আমেরিকার ভেনাস উইলিয়ামস। ৪০ বছর বয়সী জাপানের কিমিকো দাতে-ক্রুমকে হারান ৬-৭ (৬-৮), ৬-৩ ও ৮-৬ গেমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 04:36 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেক কাঠখড় পুড়িয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন আমেরিকার ভেনাস উইলিয়ামস। ৪০ বছর বয়সী জাপানের কিমিকো দাতে-ক্রুমকে হারান ৬-৭ (৬-৮), ৬-৩ ও ৮-৬ গেমে। এছাড়াও মেয়েদের একক থেকে তৃতীয় রাউন্ডে উঠেছেন সভেতানা পিরনকোভা এবং মারিয়া হোসে মার্টিনেজ সানচেজ। পিরনকোভা ৬-১, ৬-৪ গেমে হারান পেত্রা মারটিচকে। আর মার্টিনেজ সানচেজ ৬-৩, ৬-০ গেমে জেতেন মনিকা নিকুলেস্কুর বিপক্ষে। ১২৫তম উইম্বলডনের তৃতীয় দিন বুধবার বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়। সেন্টার কোর্টে ছাদের ব্যবস্থা করার পর খেলতে নামেন পাঁচবার উইম্বলডন চ্যাম্পিয়ন ভেনাস ও জাপানের কিমিকো দাতে। পাঁচ মাস নিতম্বের চোটের কারণে টেনিসের বাইরে ছিলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ২৩ নম্বরধারী ভেনাস। প্রথম সেটে এক সময় ৫-১ পিছিয়ে পড়েছিলেন। দীর্ঘ সময় টেনিসের বাইরে থাকার কারণে হয়তো একটু হতাশায় ভুগছিলেন তিনি। তবে ঠিকই 'ফাইটব্যাক' করেন। সেটটাকে টাইব্রেকারেও নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। হারতে হয় ৬-৭ (৬-৮) গেমে। দ্বিতীয় সেট ৬-৩ এ জিতে খেলায় ফিরে আসেন। শেষ সেটে আবারও তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ অবধি ৮-৬ এ জিতে ভেনাসের তৃতীয় রাউন্ড নিশ্চিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২২৩৪ ঘ.