ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালিক রোমান আব্রাহামোভিচের রাজত্বকালে চেলসির সপ্তম ম্যানেজার হিসেবে বুধবার পোর্তোর সাবেক কোচ আন্দ্রে ভিলাস বোয়াসের নাম ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার পোর্তোর কোচের পদ ছেড়ে দেওয়া বোয়াস তিন বছরের জন্য স্ট্যামফোর্ড ব্রিজে চুক্তিবদ্ধ হয়েছেন।
গত মৌসুম ভয়াবহ বাজে কাটে চেলসির। পরিণামে কোচ কার্লো আনচেলত্তিকে মে মাসে বরখাস্ত করা হয়। তার আগের মৌসুমে আনচেলত্তির হাত ধরেই প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা চেলসি ঘরে উঠে। এ কথা পরিষ্কার, মালিক আব্রাহামোভিচ ভালো ফল না পেলে দল থেকে বাদ দিতে এক মুহূর্ত দ্বিধা করেন না। তাই ভিলাস বোয়াস এক কঠিন চ্যালেঞ্জের সম্মুুখীন হলেন। পোর্তোর দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে 'ট্রেবল' জয়ের পর যে সম্মান পেয়েছিলেন, চেলসিতে শিরোপা অধরা রয়ে গেলে সে সম্মান অসম্মানে পরিণত হতে পারে নিমিষেই।
তবে চেলসি তাদের নতুন কোচকে সাদরে অভ্যর্থনা জানিয়েছে। তাদের নিজস্ব ওবেয়সাইটে লিখেছে, "আন্দ্রে (বিলাস বোয়াস) এই চাকরীর জন্য অনন্যসাধারণ প্রার্থী ছিলেন। বর্তমান তরুণ ও মেধাবী কোচদের মধ্যে সে অন্যতম এবং অল্প সময়ের মধ্যে অনেক কিছু অর্জন করেছে।"
তাকে কোচের দায়িত্ব দেওয়ার মূল কারণটাও ফুটে উঠেছে বিবৃতিতে, "তার লক্ষ্য এবং একাগ্রতা চেলসির সঙ্গে মানিয়ে যায়। আমরা আত্মবিশ্বাসী আন্দ্রের নেতৃত্বে ঘরোয়া ও ইউরোপের প্রতিযোগিতাগুলোতে ভালো ফল পাবো।"
চেলসিতে বোয়াসের এটাই প্রথম যাওয়া নয়। মরিনহোর অধীনে সহকারী কোচ হয়ে স্ট্যাফোর্ড ব্রিজের ডাগআউটে সময় কাটিয়েছেন তিনি। সে কথা স্মরণ করে বলা হয়, "চেলসিতে তাকে ভালোভাবেই স্মরণ করা হয় এবং এখানকার সবাই তার সঙ্গে কাজ করতে ও পুনরায় অভ্যর্থনা জানাতে বেশ মুখিয়ে আছে।"
পোর্তোতে ২০ মাসের ফুটবল জীবনে দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করেছেন, যা একটি রেকর্ড। দ্বিতীয় দলের থেকে অনেক বেশি পয়েন্ট ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ায় সেটাও উঠে গেছে রেকর্ডের খাতায়। রেকর্ড যেন তিনি সঙ্গে নিয়েই ঘোরেন। চেলসিতে যোগ দিয়েও গড়েছেন রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সবচেয়ে কম বয়সী কোচ হিসেবে নাম তুলে ফেলেছেন এই ডাচ।
দলবদল মানেই গুজবের ভরপুর সব রসালো গল্প। বোয়াসের গল্প কিন্তু দারুণ বাস্তব পরিণতি দেখেছে। তবে সঙ্গে করে তিনি নিয়ে এসেছেন নতুন গুজবের রসদ। শোনা যাচ্ছে, ইউরোপা লিগে রেকর্ড ১৭ গোল করা পোর্তোর আক্রমণভাগের নেতা কলম্বিয়ার ফ্যালকাওকে চেলসিতে নিয়ে আসবেন তিনি। নিয়তির কি আশ্চর্য সংযোগ, ভিলাস বোয়াসকে ডাকা হচ্ছে 'নতুন মরিনহো' নামে, আর ফ্যালকাও হলেন 'নতুন ভালদেরামা।'
একবার ভাবুনতো; ফার্নান্দ তোরেস, দিদিয়ের দ্রগবা ও নিকোলাস অ্যানেলকার সঙ্গে ফ্যালকাও খেলছেন চেলসির আক্রমণভাগে, আর ডাগআউট থেকে নির্দেশ দিচ্ছেন সাদা শার্ট ও কালো স্যুট পরিহিত ভিলাস বোয়াস!
বোয়াসতো এলেন, এখন ফ্যালকাওয়ের প্রতীক্ষা!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৯১৮ ঘ.
bdnews24