ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ লিগে প্রথমবার খেলতে এসেই চ্যাম্পিয়ন হল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিজেদের শেষ খেলায় ড্র করে নিশ্চিত করলো শিরোপা।
বুধবার শেষ ম্যাচে দলটি ২-২ গোলে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র করে। ২২ খেলায় ৫১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো শেখ জামাল। ২১ খেলায় ৩০ পয়েন্ট নিয়ে ব্রাদার্স থেকে গেলো পঞ্চম স্থানে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলায় ব্রাদার্স প্রথমে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না। তবে দুর্বার শেখ জামালের সঙ্গে তারা সমান তালে লড়েছে। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে তারা।
শিরোপা জিততে হলে মাত্র এক পয়েন্ট পেলেই হতো শেখ জামালের। শেষ পর্যন্ত তাই হয়েছে।
শেখ জামালের এ জয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের স্বপ্ন ভঙ্গ হলো। তারা ২১ খেলায় ৪৭ পয়েন্ট নিয়ে শেখ জামালের পরেই অবস্থান করছিল। এদিন শেখ জামাল হারলে সম্ভাবনা থাকতো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের।
খেলায় গোলের দেখা প্রথম পায় ব্রাদার্স ইউনিয়ন। আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় কিংসলের করা গোলে এগিয়ে যায় তারা। বক্সের সামনে এভারটনের বাড়ানো বল থেকে কিংসলে জোরালো শটে গোল করে ব্রাদার্স শিবিরকে উল্লাসে মাতিয়ে তোলেন।
ব্রাদার্সের এ উল্লাস অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতো না, যদি ২২ মিনিটে খেলার সহজতম সুযোগটি কাজে লাগাতে পারতো শেখ জামাল খেলোয়াড়রা। তাদের আক্রমণভাগের দুই বিদেশি খেলোয়াড় ফিলস চিকো ও ফেমি অরুনামি দু'দুবার চেষ্টা করেও বল জালে জড়াতে পারেনি।
প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে ব্রাদার্স আরও দুটি সুযোগ হাতছাড়া করে। দুটি সুযোগই নষ্ট করেন কিংসলে। তার একটি শট বার ঘেঁষে বাইরে চলে যায়, আর অপর শটটি শেখ জামাল গোলরক্ষক আমিনুল হক প্রতিহত করেন।
খেলার ৬২ মিনিটে খেলার সমতা নিয়ে আসে শেখ জামাল। পেনাল্টি থেকে মোহাম্মদ সুজন গোল করেন। ব্রাদার্সের রক্ষণভাগের খেলোয়াড় আশরাফুল করিমের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন।
তিন মিনিট পর আবার গোল করে এগিয়েও যায় শেখ জামাল। মাঝমাঠের নাইজেরিয়ার খেলোয়াড় ফেমি অরুনামির ক্রস থেকে আক্রমণভাগের ক্যামেরুনের খেলোয়াড় ফিলস চিকো অসাধারণ হেডে গোল করে দলকে এগিয়ে দেন।
এর পাঁচ মিনিট পর খেলায় সমতা নিয়ে আসে ব্রাদার্স ইউনিয়ন। পেনাল্টি থেকে মাঝমাঠের ব্রাজিলীয় খেলোয়াড় এভারটন গোল করেন। শেখ জামালের রক্ষণভাগের খেলোয়াড় ওয়ালি ফয়সাল ব্রাদার্স খেলোয়াড় এভারটনকে ফেলে দিলে রেফারি তৈয়ব হাসান বাবু পেনাল্টির বাঁশি বাজান। তাই শেষ পর্যন্ত ২-২ গোলে সমতা থেকে খেলা শেষ হয়।
শেখ জামাল চ্যাম্পিয়ন হলেও তাদের এ শিরোপায় কিছুটা কলঙ্কের দাগ থাকছে। তাদের বিপক্ষে রয়েছে পাতানো খেলার অভিযোগ। তারা রহমতগঞ্জের বিপক্ষে পাতানো ম্যাচ খেলেছে বলে যে অভিযোগ উঠেছে তার তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/পিডি/২০৩৭ ঘ.
bdnews24