ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'মেসি যতটা না আর্জেন্টিনার, তার চেয়ে বেশি বার্সেলোনার' এই অপবাদ সোমবার ঘোচালেন লিওনেল মেসি। দুটি গোল করালেন আর নিজে করলেন একটি। কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে আলবেনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা।
মেসি ছাড়াও গোল পেয়েছেন সার্জিও অ্যাগুয়েরো, কালোর্স তেভেজ ও ইজেকুয়েল লাভেজ্জি। মেসি ম্যাজিকের দিনে তেভেজের গোল নিঃসন্দেহে কোচ সার্জিও অ্যাগুয়েরোকে বিপদে ফেলেছে কিছুটা। কোপার দলে তেভেজের জায়গা নেই, এমন মনোভাব থেকে হয়তো এখন বেরিয়ে আসতে হবে তাকে।
খেলার ৬ মিনিটের সময় মেসির দুর্দান্ত পাস'কে সফলভাবে গোলে পরিণত করেন লাভেজ্জি। ৪৩ মিনিটে মেসির 'চিপ' আর্জেন্টিনাকে দুই গোলে এগিয়ে নেয়। প্রথমার্ধ শেষেই খেলার ফলাফল মোটামুটি নির্ধারিত হয়ে গিয়েছিল।
দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মধ্যেই আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দিতে পারতেন মেসি। কিন্তু, আলবেনিয়ার রক্ষণভাগের খেলোয়াড় বেকাজকে ফাঁকি না পারায় সে যাত্রায় ব্যর্থ হন।
বদলি সার্জিও অ্যাগুয়েরোও ঝলক দেখিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন রিয়াল, বার্সা অথবা জুভেন্টাসের মতো দল কেন তাকে নিয়ে কাড়াকাড়ি করছে। তেভেজের নিখুঁত 'অ্যাঙ্গেল' এ ভাসানো বল তার চেয়েও নিপুণতায় দুর্দান্ত ভলিতে গোল করেন তিনি। খেলার সময় তখন ৭৫ মিনিট।
৯০ মিনিটের সময় মেসির দেয়া বল গিয়ে পড়ে অ্যাগুয়েরোর পায়ে। তেভেজকে বল ঠেলে দিয়ে যেন প্রতিদান দিলেন অ্যাগুয়েরো। আলতো পায়ে গোল করে আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত করেন তেভেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২০৪৪ ঘ.
bdnews24