২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা সানচেজের নতুন ঠিকানা

উদিনেসের স্পেনের প্রতিনিধি ও গ্রানাডা ফুটবলের চেয়ারম্যান কুইকো পিনা বলেছেন, চিলির অ্যালেক্স সানচেজের উদিনেস থেকে বার্সেলোনায় যাওয়া প্রায় নিশ্চিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদিনেসের স্পেনের প্রতিনিধি ও গ্রানাডা ফুটবলের চেয়ারম্যান কুইকো পিনা বলেছেন, চিলির অ্যালেক্স সানচেজের উদিনেস থেকে বার্সেলোনায় যাওয়া প্রায় নিশ্চিত। ২২ বছর বয়সী সানচেজের বার্সাতে যাওয়া নিয়ে গুঞ্জন ছিল অনেকদিন। সোমবার উদিনেস মালিক জিয়ামপাউলো পোজ্জো বলেছিলেন, সানচেজের দলবদলের বিষয়টি কিছু সময়ের জন্য বন্ধ আছে। কিন্তু, মঙ্গলবার পিনার বক্তব্য সানচেজের দলবদল নিয়ে সব সংশয় দূর করে দিয়েছে। শোনা যাচ্ছিল, ম্যানচেস্টার সিটি সানচেজকে ইস্টল্যান্ডে আনতে বদ্ধ পরিকর। কিন্তু, পিনার উদ্ধৃতি দিয়ে কাদেনা কোপ জানায়, "এই মুহূর্তে, কাগজপত্রের কাজগুলো বার্সেলোনা গুছিয়ে এনেছে এবং আমরা এটাকে 'সমাপ্ত চুক্তি' হিসেবে গণনা করতে পারি। ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কেবল ২০ ভাগ।" অর্থ-কড়ির বিষয়টি নিয়ে পিনা বলেন, "৪৫ মিলিয়ন ইউরোর চেয়ে বেশি মূল্যে দলবদলের বিষয়টি নিশ্চিত হয়েছে। সানচেজের বিক্রয়মূল্য এর কাছাকাছি ধরা হয়েছিল।" এই অর্থের পুরোটা টাকায় দিচ্ছে না বার্সেলোনা। টাকার অঙ্কে ২৮ মিলিয়ন ইউরো এবং স্পেনের অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার জেফরান সুয়ারেজকে দেবে তারা। তার সঙ্গে আরও ৫ মিলিয়ন ইউরো যোগ হতে পারে। তার মানে দাঁড়ালো, সানচেজকে বিক্রি করে অর্থের সঙ্গে একজন খেলোয়াড়ও পাচ্ছে উদিনেস। বার্সা প্রায় ৩৫০ মিলিয়ন ইউরোর দেনায় ভুগছে। তাই এবার দলবদলের বাজারে তারা খরচ করবে ৪১ মিলিয়ন ইউরো। এক সানচেজের পিছনেই ৪৫ মিলিয়ন ইউরো ঢাললে বার্সার এ গ্রীষ্মের মতো খেলোয়াড় কেনার প্রক্রিয়া শেষ হওয়ার কথা। তবে শোনা যাচ্ছে, ডেভিড ভিয়াকে বিক্রি করে কিছু অর্থ যোগাড় করবে স্পেনের দলটি। সানচেজ বর্তমানে কোচ ক্লডিও বোর্ঘির অধীনে চিলির হয়ে কোপা আমেরিকার প্রস্তুতিতে ব্যস্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২০২২ ঘ.