ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোর্তো সভাপতি পিন্টু দ্য কস্টা বলেছিলেন কোচ আন্দ্রে ভিলাস বোয়াস বিদায় জানাতে পারেন পর্তুগিজ দলটিকে। হলোও তাই। পোর্তোকে বিদায় জানিয়েছেন এই তরুণ কোচ। গন্তব্যের বিষয়টি নিশ্চিত নয়। তবে গল্পের ডাল-পালা যে আকার ধারণ করেছে, তাতে চেলসিতে দেখা যেতে পারে তাকে।
মঙ্গলবার ফ্যাক্সের মাধ্যমে পোর্তো কর্তৃপক্ষকে নিজের পদত্যাগ পত্র জমা দেন বোয়াস। পোর্তোতে যোগদানের এক বছরের মাথায় চাকরী ছাড়লেন তিনি। ২০১৩ সাল পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল। বোয়াসের পদত্যাগের বিষয়টি পোর্তো তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে।
দলবদলের বাজারে নানা গল্প জমতে থাকে, এ গ্রীষ্মের দলবদলও তার বাইরে নয়। মেসি, নেইমার, রোনালদো, সানচেজ, তেভেজ, জিওসাপ্পে রসিরা সেই গল্পের মূলে আছেন। অথচ প্রথম ধাক্কাটা দিলেন ওই বোয়াস। ৩৩ বছর বয়সের এই পর্তুগিজকে নিয়ে গল্পের শুরু দু'দিন আগে। গুঞ্জন ছিলো, চেলসিতে ফিরতে চান তিনি। হ্যাঁ, ঠিকই পড়েছেন; ফিরতে চান? হোসে মরিনহোর আমলে তার অধীনে চেলসির সহকারী কোচ ছিলেন বোয়াস। গণমাধ্যমগুলো এই নিয়ে বিস্তর আলোচনা শুরু করে। পোর্তোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া, "চেলসি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।"
সোমবারের এই বিবৃতি পড়ে যারা ঘুমোতে গিয়েছেন, নিঃসন্দেহে মঙ্গলবার সকালে উঠে বোয়াসের পদত্যাগের খবরটা পেয়ে গেছেন তারা। মঙ্গলবার পোর্তো তাদের বিবৃতিতে লিখেছে, "অনুচ্ছেদের ২৪৮ ধারা এবং নিরাপত্তা আইনের ১ নম্বর ধারা অনুযায়ী, পোর্তো ফুটবল ক্লাব কোচ আন্দ্রে ভিলাস বোয়াসের ইচ্ছা অনুযায়ী, এই কোম্পানীর সঙ্গে সম্পর্ক শেষ করেছেন। তাৎক্ষণিকভাবে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।"
ক্লাব জানায় "এজন্য, নিয়োগপত্র মোতাবেক ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দিতে হবে।"
১৫ মিলিয়ন ইউরো জমা দিলেই পোর্তোর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হবে বোয়াসের। যেহেতু শোনা যাচ্ছে চেলসি কর্তপক্ষের সঙ্গে দেখ হয়েছে বোয়াসের, তাই ধরে নেয়া যায় অর্থটা চেলসির কোষাগার থেকেই আসবে।
কার্লো আনচেলোত্তিকে গত মৌসুমের ব্যর্থতার দায়ভার নিয়ে সরে যেতে হয় চেলসি থেকে। মালিক রোমান আব্রাহামোভিচ মনে রাখেন নি, আনচেলত্তির হাত ধরেই ২০০৯-১০ মৌসুমে দুটো শিরোপা চেলসির ঘরে উঠেছিল । তাই ধরে নেয়া হচ্ছে, চেলসির কোচ হতে যাচ্ছেন, 'নতুন মরিনহো' আন্দ্রে ভিলাস-বোয়াস।
পোর্তোকে গত মৌসুমে 'ট্রেবল' জিতিয়েছেন তিনি। করেছেন অনেকগুলো রেকর্ড। উল্লেখযোগ্য হলো, পর্তুগিজ লিগে অপরাজিত থাকা এবং বিস্তর পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় দলকে পেছনে ফেলে শিরোপা জেতা। আর সবচেয়ে কম বয়সী কোচ হিসেবে পোর্তোকে জিতিয়েছেন ইউরোপা কাপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৯১২ ঘ.
bdnews24