ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলবদল নিয়ে দ্বন্দ্বে ভুগছেন ব্রাজিলের নেইমার। স্যান্তোসে না কি বেশ ভালোই আছেন, এতদিন তার নিজেরই দাবি ছিল এমনটা। এখন হঠাৎ মনে করছেন, তার আসল লক্ষ্য ইউরোপে খেলা, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ।
নেইমারকে নিয়ে জলঘোলা করা হচ্ছে বেশ কয়েকদিন ধরে। ইউরোপের বড় দলগুলো যে এমন উঠতি তরুণকে দলে ভেড়াতে চাইবে, তা জানা কথাই। রিয়াল মাদ্রিদ আর চেলসি সে দৌড়ে সবাইকে ছাপিয়ে গেছে। কিন্তু স্যান্তোস এরই মধ্যে জানিয়ে দিয়েছে, কোনো দল যদি নেইমারের সঙ্গে গোপনে যোগাযোগের চেষ্টা করে, তাহলে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) দ্বারস্থ হবে তারা!
ক্লবের এই বক্তব্যের পর এক সাক্ষাৎকারে নেইমার বলেন, "ইউরোপে খেলা আমার স্বপ্ন।" এরপরই জটিল হয়ে পড়ে বিষয়টি। ১৯ বছর বয়সী আক্রমণভাগের এ খেলোয়াড় কি অল্প বয়সে তাহলে জনপ্রিয়তায় আসক্ত হয়ে উল্টা-পাল্টা বকা শুরু করলেন? তর্ক যোগ্য বিষয়, তাই আপাতত তুলে রাখা যাক।
নেইমার বলেন, "বিশ্বের অন্য সব খেলোয়াড়ের মতোই চ্যাম্পিয়ন্স লিগে খেলা আমার স্বপ্ন। ওই টুর্নামেন্টে খেলা সম্মানের ব্যাপার এবং আশা করছি একদিন তা পূরণও হবে। আমি বিশ্বকাপ এবং বিশ্বের সেরা লিগে খেলতে চাই।"
ব্রাজিলের লিগ অবশ্যই বিশ্বের সেরা লিগের মধ্যে পরে না। তাহলে কি ইউরোপের দিকেই ইঙ্গিত করলেন তিনি? আপাতত এই সব বাদ দিয়ে কোপা লিবারতাদোসের ফিরতি ফাইনাল নিয়েই তার ভাবা উচিত। তরুণ এই খেলোয়াড় এক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। পরিষ্কার জানিয়ে দিয়েছেন, "এই মুহূর্তে আমার ভাবনা ঘুরপাক খাচ্ছে কোপা লিবারতাদোস নিয়ে।"
২৩ তারিখ ফিরতি খেলায় উরুগুয়ের দল পেনারোলকে ঘরের মাঠে পাচ্ছে স্যান্তোস। প্রথম খেলা গোলশূন্য ড্র হয়। ১৯৬৩ সালের পর কোপা আমেরিকার সবচেয়ে সম্মানজনক ট্রফির দিকে তাই অনেকখানি এগিয়ে আছে স্যান্তোসই।
আন্তর্জাতিক ফুটবলের সতীর্থ রবিনহোর কথায় আবারও নেইমারের ভাবনায় ছেদ পড়েছে। রবিনহো নেইমারকে বলেছিলেন, তার স্পেনে (রিয়াল মাদ্রিদ) কাটানো সময়গুলো বেশ উপভোগ্য ছিল। আসলে নেইমারকে ইঙ্গিত দেন তিনি, রিয়াল মাদ্রিদে যাও তুমি। তবে নেইমার স্যান্তোসে আনন্দে আছেন বলে জানিয়েছেন এক সাক্ষাৎকারে।
তিনি বলেন,"স্যান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে এবং আমি এখানেই খুশি।"
আসলে কি চান নেইমার?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮৩৯ ঘ.
bdnews24