২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছক পাল্টালেন মরিনহো

রিয়াল কোচ হোসে মরিনহো ছক পাল্টে নতুনভাবে আসন্ন মৌসুমে রিয়ালকে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল কোচ হোসে মরিনহো ছক পাল্টে নতুনভাবে আসন্ন মৌসুমে রিয়ালকে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন। স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা জানায়, নতুনভাবে দল সাজানোর ফলে মাঝমাঠে সুযোগ পেতে যাচ্ছেন নুরি সাহিন। কিছুদিন আগে রিয়ালে যোগ দেন তিনি। গত মৌসুমে মরিনহোর রিয়াল খেলেছে ৪-২-৩-১ ছকে। গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের সামনে ছিলেন রক্ষণভাগের চার স্তম্ভ সার্জিও রামোস, পেপে, রিকার্ডো কারভালহো এবং মার্সেলো। তাদের সামনে খেলেছেন সামির খেদিরা ও জাভি আলোনসো। আর অ্যাঞ্জেল ডি মারিয়া, মেসুত ওজিল ও ক্রিশ্চিয়ানো রোনালদো গোলের জন্য বলে জোগান দিয়েছেন করিম বেনজেমাকে। তবে এই ছকে রিয়ালকে কিংস কাপ ছাড়া অন্য কোনো সাফল্য এনে দিতে পারেননি মরিনহো। মরিনহোর নতুন পরিকল্পনায় (৪-৩-৩) পরিবর্তনটা আসছে মাঝমাঠে, যেখানে খাদিরা ও আলোনসোর সঙ্গে যোগ দেবেন সাহিন। এর ফলে বলির পাঁঠা হতে পারেন ডি-মারিয়া। তাকে সরিয়ে ওজিল, রোনালদো ও বেনজেমাকে নিয়ে সাজানো হবে রিয়ালের আক্রমণভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৪৯ ঘ.