ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ের দিক দিয়ে সব ফুটবলারকে টপকে আমেরিকার ক্রীড়া ম্যাগাজিন 'স্পোর্টস ইলাস্ট্রেটেড'র জরিপে 'ফরচুনেট ফিফটি'র তালিকায় স্থান করে নিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।
ম্যাগাজিনটির জরিপ মতে, মেসি গত বছর পকেটে পুরেছেন ৩০ দশমিক ৫ মিলিয়ন ইউরো। যে কোনো ফুটবলারের চেয়ে যা বেশি। মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠের মতো আয়ের ক্ষেত্রেও মেসির পেছনে। গত বছর রোনালদোর আয় ২৭ দশমিক ১ মিলিয়ন ইউরো। আর ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েন রুনির আয় ২৩ মিলিয়ন ইউরো।
ম্যাচ ফি, বোনাস ও এনডোর্সমেন্টের হিসেবে বিশ্বের ক্রীড়া তারকারা 'ফরচুনেট ফিফটি'র তালিকায় স্থান পান।
সব ফুটবলার ছাপিয়ে গেলেও 'ফরচুনেট ফিফটি'তে মেসির পকৃত স্থান সপ্তম। ৪৫ মিলিয়ন ইউরো নিয়ে আমেরিকার গলফার টাইগার উডস শীর্ষে আছেন। যদিও তার আগের বছরের হিসেবে ২০ মিলিয়ন ইউরো কম আয় করেছেন তিনি!
তবে আয়ের হিসেবে রোনালদোকে হারালেও মেসি হেরে গেছেন এক রিয়াল মাদ্রিদ সমর্থকের কাছে। রিয়াল সমর্থক ফার্নান্দো আলোনসো ফর্মুলা ওয়ানে খেলেন। জরিপে মেসির ওপরে তার অবস্থান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২১৩৯ ঘ.
bdnews24