২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লো এর প্রস্তাবে বালাকের না

গত বৃহস্পতিবার জার্মানির কোচ জোয়াকিম লো মাইকেল বালাকের জার্র্মান অধ্যায়ের ইতি টেনেছিলেন। তবে অবদানের স্বীকৃতি স্বরূপ অগাস্টে ব্রাজিলের সঙ্গে একটি প্রীতি ম্যাচে তাকে বিদায় জানাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই ম্যাচে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন জার্মানির অনেক জয়ের রূপকার বালাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোনেন্টফোর ডটকম) - গত বৃহস্পতিবার জার্মানির কোচ জোয়াকিম লো মাইকেল বালাকের জার্র্মান অধ্যায়ের ইতি টেনেছিলেন। তবে অবদানের স্বীকৃতি স্বরূপ অগাস্টে ব্রাজিলের সঙ্গে একটি প্রীতি ম্যাচে তাকে বিদায় জানাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই ম্যাচে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন জার্মানির অনেক জয়ের রূপকার বালাক। আন্তর্জাতিক ফুটবলে জার্মানদের হয়ে খেলেছেন ৯৮ ম্যাচ। গোল পেয়েছেন প্রায় অর্ধেক (৪২টি)। মধ্যমাঠের একজন খেলোয়াড় হিসেবে নিঃসন্দেহে এটি অনন্য কীর্তি। জার্মান ও ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল মিলিয়ে খেলেছেন ৫৪৮ ম্যাচ। গোল করেন ১৩৮টি। কীর্তির আরও গল্প বাকি আছে। একাই দলকে নিয়ে গেছেন ২০০২ বিশ্বকাপ ফাইনাল ও ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালে। ২০০৮ সালে দলকে তুলেছিলেন ইউরো'র ফাইনালে। ২০১০ বিশ্বকাপ বাছাই পর্বের সময় দলের দায়িত্ব বালাকের কাঁধেই ছিল। ৪ গোল করে বিশ্বকাপের পথে অনেকটাই নিয়ে যান দলকে। দুর্ভাগ্য তার, এফএ কাপের ফাইনালে কেভিন-প্রিন্স-বোয়েটাং এর মারাত্মক ফাউলের শিকার হয়ে ছিটকে পড়েন বিশ্বকাপ থেকে। কে জানতো, সে বিদায় হবে শেষ বিদায়। কোচ জোয়াকিম লোর বাতিলের খাতায় এখন বালাকের নাম। জার্মানির কোচ এই বীর সেনার আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের বিদায় ঘন্টা বাজিয়ে দেন দু'দিন আগে। তবে ব্রাজিল কিংবদন্তী রোনালদোকে যেমন রোমানিয়ার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছিলেন কোচ মানো মেনজেস, সে পথ অনুসরণ করতে চাইলেন লো। বালাককে জানালেন, অগাস্টে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে যোগ্য মর্যাদায় তাকে বিদায় জানানো হবে। বয়স মাত্র ৩৪। ফন ডার সারের মতো 'বুড়ো' (৪০ বছর) যদি ফুটবল চালিয়ে যেতে পারে এত দিন (এ বছর অবসর নিয়েছেন), তাহলে বালাকের তো ফুটবল জীবন এখনো পরে আছে! কোচের এমন সিদ্ধান্তে বড় কষ্ট পেয়েছেন বালাক। মানতে পারছেন না এত সহসা থেমে যাবে আন্তর্জাতিক ফুটবল। বিদ্রোহের পথ অবলম্বন করেছেন। যেহেতু কোচের সিদ্ধান্ত বদলাতে পারবেন না, তাই সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী ম্যাচে অংশ নেবেন না। দৈনিক পত্রিকা বিল্ডকে বালাক বলেন, "দীর্ঘদিন ধরেই প্রীতি ম্যাচটি নিয়ে পরিকল্পনা চলছিল, আমাকে বিদায় দেয়া হবে। আমার দৃষ্টিতে এটি পরিহাস ছাড়া কিছুই নয়।" অংশ নেবেন না বলে কিছুটা অনুতপ্ত হয়েছেন বালাক। ভক্তদের দুঃখিত জানাতে ভোলেন নি, "আমি জানি ভক্তদের কথা মাথায় রেখে আমার অংশ নেয়া উচিত, তবে এ প্রস্তাব আমার কাছে গ্রহনযোগ্য নয়।" বালাক জানতেন, কোচ তাকে নিয়ে ভালো কিছু ভাবছেন না। এই সিদ্ধান্তে তিনি হতাশ, একই সঙ্গে ক্ষুদ্ধ। তিনি বলেন, "যেভাবে আমাকে বিদায় বলা হলো তা আশ্চর্যজনক এবং হতাশাজনক। গত গ্রীষ্মে চোটে আক্রান্ত হওয়ার পর থেকেই তার (লো) ব্যবহার অন্যরকম ছিল।" বালাক বর্তমানে বায়ার লেভারকুসেনের হয়ে জার্মান লিগে খেলছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২১২৫ ঘ.