ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে রাজশাহী ও ঢাকা জেলা। শনিবার পল্টন কাবাডি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে দল দু'টি।
শুক্রবার সেমিফাইনালে রাজশাহী ১৩-১১ পয়েন্টে টাঙ্গাইলকে হারায়। দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা ৩৭-১৬ পয়েন্টের বড় ব্যবধানে জেতে যশোর জেলার বিপক্ষে।
এর আগে টাঙ্গাইল জেলা ৩৬-১১ পয়েন্টে সিলেট জেলাকে, যশোর জেলা ৩৯-২৭ পয়েন্টে দিনাজপুর জেলাকে, রাজশাহী জেলা ২৫-১১ পয়েন্টে খুলনা জেলাকে এবং ঢাকা জেলা ৪৮-২১ পয়েন্টে কুমিল্লা জেলাকে হারিয়ে সেমিফাইনাল ওঠে।
শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা দেখবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও মহা পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। বিজয়ী দলের হাতে পুরস্কারও তুলে দেবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০০০৩ ঘ.
bdnews24