২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের সুপার কাপ নিশ্চিত

গ্রামীণফোন বাংলাদেশ লিগে এভারটনের জোড়া গোলের সুবাদে শুক্রবার ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 04:48 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন বাংলাদেশ লিগে এভারটনের জোড়া গোলের সুবাদে শুক্রবার ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ২৮ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে নেন দলের মাঝমাঠের ব্রাজিলের খেলোয়াড় এভারটন। রহমতগঞ্জের রক্ষণভাগের দুই খেলোয়াড়কে কাটিয়ে আড়াআড়ি শট নেন তিনি। বল আশ্রয় নেয় প্রতিপক্ষের জালে। প্রথমার্ধে ব্রাদার্স ১-০ গোলে এগিয়েছিল। গোল শোধ করার জন্য দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জ। ফলে গোলের দেখা পেতে খুব একটা সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ৫৩ মিনিটে দলের আক্রমণভাগের উগান্ডার খেলোয়াড় ইদ্রিস কাসিরি খেলায় সমতা ফিরিয়ে আনেন। ৬৯ মিনিটে ব্রাদার্স আবারো এগিয়ে যায়। আবারো গোল করেন এভারটন। দলের আরেক ব্রাজিলের খেলোয়াড় ড্যানিলো বিভালদোর বাড়ানো বল ধরে এভারটন বক্সে ঢুকে রক্ষণভাগের দুই খেলোয়াড় ও গোলরক্ষককে কাটিয়ে গোল করেন। এই জয়ের ফলে সুপার কাপ খেলা নিশ্চিত হয় ব্রাদার্সের। একই সঙ্গে ব্রাদার্স পয়েন্ট তালিকায় ঢাকা মোহামেডানকে টপকে উঠে এলো পঞ্চম স্থানে। দুই দলেরই পয়েন্ট ২৯। তবে ব্রাদার্স এক ম্যাচ কম খেলেছে। অবশ্য মোহামেডানেরও সুপার কাপে খেলা নিয়ে খুব একটা সংশয় নেই। পয়েন্ট তালিকার সাত নম্বর দল রহমতগঞ্জ পরের খেলায় জিতলেও সম্ভব হবে না মোহামেডানকে টপকানো। কেননা দলটির পয়েন্ট ২৪। সুপার কাপে এবার ছয়টি দল খেলবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এরই মধ্যে এ ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৩০ ঘ.