ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্টার মিলান সভাপতি মাসিমো মোরাত্তি বলেছেন, লিওনার্দো আরাজো দল ছেড়ে চলে গেলে কোচের সন্ধান করতে হবে। তবে অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো কোচকে দলে টানার আগ্রহ তার নেই।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, ইন্টার ছাড়ছেন লিওনার্দো। এরই মধ্যে প্যারিস সেন্ট জার্মেইর স্পোর্টিং ডিরেক্টর হওয়ার প্রস্তাব দেয়া হয় তাকে।
এদিকে নতুন কোচ হিসেবে ইন্টারে যোগদান করতে পারেন সিনিসা মিহাচলোভিচ। বর্তমানে ফিওরেন্টিনার কোচ হিসেবে কাজ করছেন তিনি।
ইন্টার সভাপতি বেজায় বাকপটু। একই সঙ্গে সোজা কথার মানুষ। কোনো রাখ-ঢাগ না করে মিহাচলোভিচের ভবিষ্যত জানিয়ে দিয়েছেন ইন্টারের নিজস্ব ওয়েবসাইটে, "মিহাচলোভিচ অন্য দলের সঙ্গে যুক্ত। এই মুহূর্তে এমন কোনো কোচকে নেব না, যিনি অন্য দলের সঙ্গে চুক্তিবদ্ধ।"
কে আসছেন ইন্টারে, সে প্রশ্নের উত্তর মেলেনি মোরাত্তির কাছ থেকে। তবে লিওনার্দো প্যারিস সেন্ট জার্মেইয়ে যাবেন কি না, তার উত্তর ঠিকই দিয়েছেন। তবে কূটনৈতিক কায়দায়। বলেন কেবল, "হয়তো!"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১২১ ঘ.
bdnews24