২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার কাছাকাছি শেখ জামাল

শিরোপার কাছাকাছি পৌঁছে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাংলাদেশ লিগে বৃহষ্পতিবার ঢাকা মোহামেডানকে ৩-১ গোলে হারায় তারা। যদিও খেলার শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় শেখ জামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 05:30 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিরোপার কাছাকাছি পৌঁছে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাংলাদেশ লিগে বৃহষ্পতিবার ঢাকা মোহামেডানকে ৩-১ গোলে হারায় তারা। যদিও খেলার শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় শেখ জামাল। বিজয়ী দলের পক্ষে দুই গোল করেন আক্রমণভাগের ক্যামেরুনের খেলোয়াড় ইমানুয়েল আইয়ুখ। খেলার ৯ মিনিটে দলের পক্ষে প্রথম গোল দেন আইয়ুখ। দলের মাঝমাঠের নাইজেরিয়ার খেলোয়াড় ফেমি অরুনামির কর্নার মাথা দিয়ে আইয়ুখ পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে। মোহামেডান রক্ষণভাগের কোনো খেলোয়াড় চেষ্টাও করেননি প্রতিপক্ষের খেলোয়াড়দের আটকানোর। অথচ আইয়ুখের পাশেই দাঁড়িয়ে ছিলেন রক্ষণভাগের খেলোয়াড় হাসান আল মামুন। খেলার ১২ মিনিটে বক্সের বাইরে থেকে চমৎকার শট নেন আইয়ুখ। কিন্তু তা রুখে দেন মোহামেডান গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটু। চার মিনিট পর গোলটি প্রায় শোধ করে ফেলেছিল মোহামেডান। দলের মাঝমাঠের বিদেশি খেলোয়াড় আমানির কাছ থেকে বল পেয়ে প্রচণ্ড শট নেন মোহামেডান অধিনায়ক এনামুল হক শরিফ। শেখ জামাল গোলরক্ষক আমিনুল হকও পারেননি বলটি আটকাতে। কিন্তু পোস্টে লেগে ফিরে আসে বল। খেলার ৩৬ মিনিটে ব্যবধান বাড়ায় শেখ জামাল। দলের রক্ষণভাগের খেলোয়াড় নাসিমুল ইসলাম নাসির মোহামেডানের রক্ষণভাগের তিন খেলোয়াড়কে কাটিয়ে বল ঠেলে দেন আইয়ুখের কাছে। বুটের আলতো টোকায় বল পাঠিয়ে দেন তিনি মোহামেডানের জালে। প্রথমার্ধেই একটি গোল শোধ করে মোহামেডান। অতিরিক্ত সময়ে (৪৫ ) শরিফুল ইসলাম বক্সের বাইরে থেকে বল ঠেলে দেন দলের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় নাদি ভিক্টরের কাছে। আড়াআড়ি শটে গোল করেন তিনি। খেলার ৭৪ মিনিটে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে শেখ জামালের মাঝমাঠের ক্যামেরুনের খেলোয়াড় স্টিভ ইউকো মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। মোহামেডানের মাঝমাঠের খেলোয়াড় আমানিকে ফেলে দেয়ায় তাকে হলুদ কার্ড দেখানো হয়। খেলা শেষ হওয়ার ছয় মিনিট বাকি থাকতে আরেকটি গোল আদায় করে নেয় শেখ জামাল। বদলি খেলোয়াড় আতিকুর রহমান মিশুকে মোহামেডানের রক্ষণভাগের খেলোয়াড় আক্রামুজ্জামান লিটন ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। মোহাম্মদ সুজন গোল করে মোহামেডানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন। এই জয়ের ফলে ২১ খেলায় ৫০ পয়েন্ট নিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছে গেল শেখ জামাল। পয়েন্ট তালিকার দ্বিতীয় দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়ালো ৬-এ। লিগে শেখ জামালের বাকি আছে একটি খেলা। সেই খেলায় দলটির প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। এদিকে শেখ জামালের প্রায় চার হাজার সমর্থক শিরোপার জয়ের আগাম উৎসব করে মাঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৫৮ ঘ.