২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাতানো খেলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

'পাতানো' খেলার সঙ্গে জড়িত দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ঢাকা মোহামেডান, ঢাকা আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র সমর্থক গোষ্ঠী। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি বরাবর এক স্মারকলিপিতে এই দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'পাতানো' খেলার সঙ্গে জড়িত দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ঢাকা মোহামেডান, ঢাকা আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র সমর্থক গোষ্ঠী। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি বরাবর এক স্মারকলিপিতে এই দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জ এমএফএস 'পাতানো' ফুটবল খেলেছে। কিন্তু বাফুফে ও পেশাদার লিগ কমিটির নীরব ভূমিকায় এই তিন দলের সমর্থকরা হতাশ হয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে উদ্দেশ্য করে স্মারকলিপিতে বলা হয়, "পাতানো খেলার ব্যপারটি জেনেও আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না। তাহলে কি, আমরা ধরে নেবো 'পাতানো' খেলা আপনার ইঙ্গিতেই চলছে?" পাতানো খেলার বিপক্ষে এখনই ব্যবস্থা নেয়া না হলে বাংলাদেশের ফুটবল ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা করেছে তিন দলের সমর্থক গোষ্ঠী। স্মারকলিপিতে পাঁচটি দাবিও জানানো হয়। দাবিগুলো হলো শেখ জামাল ও রহমতগঞ্জের খেলার ফলাফল বাতিল, দুই দলের অর্জিত পয়েন্ট কেড়ে নেয়া, পাতানো খেলার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিপক্ষে ব্যবস্থা গ্রহণ, পাতানো ম্যাচ রোধে এখনই ব্যবস্থা নেয়া ও নিরপেক্ষ রেফারি দিয়ে গুরুত্বপূর্ণ সব খেলা পরিচালনা করা। স্মারকলিপিতে পাতানো খেলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ৪৮ ঘন্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে বাফুফে সভাপতিকে। এর মধ্যে ব্যবস্থা না নিলে মোহামেডান, আবাহনী ও মুক্তিযোদ্ধাকে পরের খেলা থেকে বিরত রাখা হবে হুমকি দেয় সমর্থক গোষ্ঠীগুলো। স্মারকলিপিতে সই করেন ঢাকা মোহামেডান সমর্থক গোষ্ঠীর সভাপতি গিয়াস কামাল চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, ঢাকা আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এনাম-ই-খোদা জুলু এবং মুক্তিযোদ্ধা সমর্থক গোষ্ঠীর সভাপতি শাহজাহান বাদল ও সাধারণ সম্পাদক বায়েজিদ আহমেদ। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এমএইচ/টিআর/২১৫২ ঘ.