ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'রিজার্ভ বেঞ্চ'-এ খেলোয়াড় যতজনই থাকুক না কেন, কনকাকাফ গোল্ড কাপের শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী মেক্সিকো।
মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় গোলরক্ষক গুইলারমো ওছোয়া, ফ্রান্সিসকো রড্রিগুয়েজ, অ্যান্তনিয়ো নেলসন, ক্রিশ্চিয়ান বারমুদেজ ও এডগার ডুয়েনাসকে নিষিদ্ধ করে মেক্সিকো ফুটবল ফেডারেশন। এর ফলে প্রতিযোগিতার বাকি অংশে খেলতে পারবেন না তারা। আর অসুস্থ রিকার্ডো অসোরিওকে আগেই দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।
সব মিলে ১৭ জন খেলোয়াড় রয়েছে মেক্সিকো দলে। এরই মধ্যে নিষিদ্ধ ফুটবলারদের বদলি চেয়ে কনকাকাফের কাছে আবেদন করেছে তারা। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য সোমবার বসবেন কনকাকাফের কর্মকর্তারা। এর আগ পর্যন্ত কোনো বদলি খেলোয়াড় মিলছে না মেক্সিকোর।
দলটির তারকা খেলোয়াড় হ্যাভিয়ের হার্নান্দেজ অবশ্য খেলোয়াড়দের নিষেধাজ্ঞার ব্যাপারটি মাথায় রাখতে চান না। তিনি বলেন, "আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কোস্টারিকা ম্যাচ।"
এল সালভাদর ও কিউবাকে হারিয়ে ইতিমধ্যে গোল্ড কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মেক্সিকো।
তবে দলটির জন্য প্রতিযোগিতার কঠিন পর্ব শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল থেকে। সব মিলে ১৭ জন খেলোয়াড় থাকায় মেক্সিকো অনেকটাই পিছিয়ে থাকবে। দলগুলো গোল্ডকাপে ২৩ জন করে খেলোয়াড় নিয়ে এসেছে।
মেক্সিকোর কোচ হোসে ম্যানুয়েল ডে লা তোরে অবশ্য খেলোয়াড় কম থাকা নিয়ে ভাবছেন না। বলেছেন, "আমাদের যা আছে তাই দিয়ে লড়তে হবে। লক্ষ্যটা এখনো আগের মতো একই আছে, গোল্ডকাপ জেতা।"
গোল্ডকাপ জয়ী দল ২০১৩ সালের কনফেডারেশন কাপে খেলার সুযোগ পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২১৮ ঘ.
bdnews24