ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় মেসুত ওজিল বলেছেন, সার্জিও অ্যাগুয়েরোর জন্য রিয়াল মাদ্রিদ তাদের ১০ নম্বার জার্সি সংরক্ষিত রেখেছে।
দলবদলের মৌসুমে যে কয়জন খেলোয়াড়কে নিয়ে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি, অ্যাগুয়েরো তাদের অন্যতম। এরই মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, "অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়তে উন্মুখ আমি।" ইউরোপের বড় দলগুলো তাই ছুটছে তার পিছে।
সম্ভবত রিয়াল মাদ্রিদ সেই দৌড়ে এগিয়ে আছে সবচেয় বেশি। কারণ অ্যাগুয়েরোর বক্তব্য হচ্ছে, দল ছাড়লেও স্পেন ছাড়তে চান না। সমস্যা হলো, এল কুনকে (অ্যাগুয়েরোর ডাক নাম) দলে নিতে হলে ৪৫ মিলিয়ন ইউরো গুণতে হবে! অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি সইয়ের সময় এমনটাই কথা ছিল।
অর্থ-কড়ি নিয়ে রিয়ালের মতো দলের কোনো সমস্যা হওয়ার কথা নয়। কোচ হোসে মরিনহো এরই মধ্যে অ্যাগুয়েরোকে 'ফ্যান্টাস্টিক প্লেয়ার' হিসেবে অভিহিত করে সবুজ সঙ্কেত দিয়েছেন। এবার মেসুত ওজিলের কন্ঠেও একই সুর বাজছে।
স্পেনের ওয়েবসাইট সাজ অ্যাকতুয়েলকে তিনি বলেন, "রিয়ালের ১০ নম্বর জার্সি অ্যাগুয়েরোর জন্য তুলে রাখা হয়েছে।"
অ্যাগুয়েরোর জন্য দারুণ এই সংবাদ লাস দিয়েরার জন্য বিপদজনক হয়ে উঠেছে। রিয়ালের ১০ নম্বর জার্সিটা যে তারই! শেষ পর্যন্ত অ্যাগুয়েরো রিয়ালে আসলে পোটর্সমাউথের সাবেক খেলোয়াড় দিয়েরাকে স্পেন ছাড়তে হবে। সেক্ষেত্রে তার সম্ভাব্য গন্তব্য হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার অথবা জুভেন্টাস।
অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে এ মৌসুমে ৪১ খেলায় ২৭ গোল করেন সার্জিও অ্যাগুয়েরো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২০২ ঘ.
bdnews24