ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনালদো বলেছেন, সান্তোসের নেইমার ও এসি মিলানের রবিনহো পাশে থাকলে এতো সহজে হয়তো ফুটবল ছাড়তেন না তিনি।
দু'বার বিশ্বকাপ জয়ী রোনালদো গত বুধবার আনুষ্ঠানিকভাবে ১৭ বছরের ফুটবল জীবনকে বিদায় জানান। রোমানিয়ার বিপক্ষে ১-০ গোলে জেতা সেই ম্যাচে ১৫ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন 'দ্য ফেনোমেনন'। খেলেছেন যথারীতি আক্রমণভাগে। দু'পাশে ছিলেন ব্রাজিলের দুই প্রাণ ভোমরা নেইমার ও রবিনহো।
সোনালী সময়কে পেছনে ফেলে আসা রোনালদো তিনবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন নি। বিরতির সময় কোচ মেনো মেনজেস তাকে তুলে নেন। মাঠ ছেড়ে যাওয়ার সময় গ্যালারী উপচানো সমর্থক দাঁড়িয়ে উষ্ণ বিদায় জানায় এই 'সুপারস্টার'কে।
বিদায় রোনালাদোকে নিতেই হতো। বয়স মাত্র ৩৪। কিন্তু শরীর গেছে মুটিয়ে। চোটের সঙ্গে যেন তার জনম জনমের আত্মীয়তা। নেইমার ও রবিনহো পাশে থাকলেও ফুটবল চালানো সম্ভব নয় কোনোভাবেই। শরীরের কলকব্জা সায় দিচ্ছে না। তাহলে হঠাৎ কেন তার নেইমার আর রবিনহোকে পাশে নিয়ে খেলার ইচ্ছে এত তীব্র হলো?
প্রশ্নটার সহজ উত্তর হলো - প্রতিভাবান এ দুই খেলোয়াড়কে দেখে রোনালদো এক কথায় 'মুগ্ধ'।
নিজের টুইটারে তিনি লিখেছেন, "বক্সের বাইরে দাঁড়িয়ে ভাবছিলাম, নেইমার ও রবিনহোকে আক্রমণভাগের সঙ্গী হিসেবে পেলে, এত সহজে ফুটবলকে বিদায় জানাতাম না।"
রোমানিয়ার বিপক্ষে সেই প্রীতি ম্যাচে নেইমার তার প্রতিভার উজ্জ্বল সাক্ষর রেখেছেন। আলো ছড়িয়েছেন পুরো ম্যাচ জুড়ে। একমাত্র গোলটিও এসেছিল তার 'পাস' থেকেই।
আর রবিনহোকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। ছোটখাট গড়নের এই খেলোয়াড় সদ্য সমাপ্ত মৌসুমে এসি মিলানের হয়ে দর্পের সঙ্গে কাঁপিয়েছেন মাঠ। জিতেছেন সেরি আর মুকুট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৯২৩ ঘ.
bdnews24