ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলবদলের চিন্তা বাদ দিয়ে আসন্ন কোপা আমেরিকার দিকে নজর রাখছেন অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড় ও দিয়েগো মারাদোনার জামাতা সার্জিও অ্যাগুয়েরো।
আর্জেন্টিনায় ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা। শেষ হবে ২৪ তারিখে।
অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না হলেও মাদ্রিদের দলটিকে বিদায় জানাতে চাইছেন অ্যাগুয়েরো। নিজেই হন্যে হয়ে খুঁজছেন দল। প্রতিভার কমতি নেই, তারওপর আর্জেন্টিনায় জন্ম; ফুটবলতো রক্তের সঙ্গেই মিশে আছে! বড় বড় দল ঝাঁপিয়ে পড়বে সেটাই তো স্বাভাবিক।
বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের মতো দলগুলো 'লাইন' দিয়েছে 'কুন'র (অ্যাগুয়েরোর ডাক নাম) পেছনে। তবে দলবদলের চিন্তা বাদ দিয়ে কোপার দিকে পূর্ণ মনোযোগ এখন কুনের।
আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যাগুয়েরো বলেন, "কোপা আমেরিকা শেষ হওয়ার পর দলবদলের চিন্তা-ভাবনা করবো। এই মুহূর্তে আমি জানি না, কি হতে যাচ্ছে।"
রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোকে কে না চেনে? এটাও সবাই জানে, মরিনহোর প্রশংসা সহজে কারো কপালে জোটে না। সেই মরিনহোই অ্যাটলেটিকোর এই খেলোয়াড়কে অভিহিত করেন 'ফ্যান্টাস্টিক প্লেয়ার' হিসেবে।
আসন্ন কোপা আমেরিকায় 'ফেভারিট'র তকমা গায়ে লাগিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। কোচ সার্জিও বাতিস্তার অধীনে দলটির অন্যতম সেরা খেলোয়াড় এই সার্জিও অ্যাগুয়েরো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২০৪ ঘ.
bdnews24