ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে শুক্রবার ঢাকা মোহামেডান ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার খেলার ২৫ মিনিটে মোহামেডানের মাঝমাঠের নাইজেরিয়ার খেলোয়াড় নাদি ভিক্টরের কাছ থেকে বল পেয়ে দলের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় সানডে সিজোবা গোলরক্ষককে কাটিয়ে বল পাঠিয়ে দেন জালে। এটি নিয়ে লিগে ৯ খেলায় তিনি গোল দিলেন ১২টি।
মোহামেডান গোল ব্যবধান অন্তত একটি বাড়াতে পারতো। গোলের নিশ্চিত এই সুযোগটি হাতছাড়া করেন দলের মাঝমাঠের রুয়ান্ডার খেলোয়াড় আমানি।
৭৯ মিনিটে মাঝমাঠে বল নিজের দখলে নিয়ে আমানি একক প্রচেষ্টায় ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সে। এরপর গোলরক্ষককে একা পান তিনি। কিন্তু তার শট চলে যায় গোলপোস্ট ঘেঁষে।
ঠিক পরের মিনিটেই সানডের একটি শট রুখে দেন শেখ রাসেলের গোলরক্ষক মামুন খান।
হারলেও শেখ রাসেল যে সুযোগ পায়নি, তা নয়। দ্বিতীয়ার্ধের শুরুতে কয়েকটি সহজ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি একটিও। বিশেষ করে, দলের আক্রমণভাগের রাশিয়ার খেলোয়াড় এডোয়ার্ড ভিক্টর একাই নষ্ট করেন দু'টি নিশ্চিত সুযোগ।
লিগের প্রথম পর্বে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ০-১ গোলে হারে মোহামেডান।
শেখ জামালের কাছে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ে শেখ রাসেল। মোহামেডানের কাছে হেরে আরও বেকায়দায় পড়লো দলটি। ২০ খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে শেখ রাসেল আছে তালিকার চতুর্থ স্থানে। আর মোহামেডানের পয়েন্ট ২০ খেলায় ২৯। দলটি রয়েছে পাঁচ নম্বরে।
১৯ খেলায় ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সমান খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৪৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৪৩ ঘ.
bdnews24