ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনার বিপক্ষে নাইজেরিয়া আবারো খেলতে রাজি আছে বলে জানিয়েছে সে দেশের ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
দু'বার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রথম জয়ের এক সপ্তাহ পর বুধবার এক বিবৃতিতে এ কথা জানায় নাইজেরিয়া ফুটবল ফেডারেশন। আবুজার ওই খেলায় আর্জেন্টিনাকে ৪-১ গোলে বিধ্বস্ত করে নাইজেরিয়া। অবশ্য মাঠে দেখা যায়নি আর্জেন্টিনার প্রথম একাদশের অনেককেই।
এনএফএফ'র জেনারেল সেক্রেটারি মুসা আমাদু বলেন, "সেপ্টেম্বরে বাংলাদেশে নাইজেরিয়ার সিনিয়র দল আর্জেন্টিনার সিনিয়র দলের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে।" তবে 'ভেন্যু'র ব্যাপারে তিনি কিছু বলেননি।
আমাদু বলেন, "আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন আমরা সামনের দিকে তাকিয়ে আছি। দুই দলই মূল একাদশ ও সেরা তারকাদের নিয়েই ঢাকা যাবে।"
আন্তানানারিভোয় মাদাগাস্কারের বিপক্ষে ২০১২ সালের আফ্রিকা নেশন্স কাপের বাছাই পর্বের খেলার তিনদিন পর এই প্রীতি ম্যাচ খেলবে নাইজেরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৪৪ ঘ.
bdnews24