ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিল ও রোমানিয়ার প্রীতি ম্যাচের চেয়ে মুখ্য হয়ে উঠেছিল রোনালদোর বিদায়। ১-০ গোলের জয়ে রোনালদোকে যেন শ্রদ্ধাঞ্জলি দিলো সেলেকাও'রা।
কোচ মেনো মেনজেস খেলার ৩০ মিনিটের সময় ফ্রেডের বদলি হিসেবে মাঠে নামান রোনালদোকে। ২১ মিনিটের সময় ফ্রেডের করা গোলে তখন ১-০ তে এগিয়ে ব্রাজিল। মাঠ ছাড়ার সময় 'দ্য ফেনোমেনন' রোনালদোকে কুর্নিশ করে ব্রাজিলদের ফুটবলে তার অবদানের কথা আরো একবার স্মরণ করিয়ে দেন ফ্রেড।
গ্যালারীতে হাজার হাজার ভক্ত ব্যানারে রোনালদোর প্রতি তাদের ভালোবাসা সাজিয়ে নিয়ে এসেছিলো। কেউ লিখেছিলো, "ব্রাজিল রোনালদোকে ধন্যবাদ জানায়"। কারো হাতে শোভা পাচ্ছিলো, "পৃথিবীতে শুধু একজনই রোনালদো আছে।"
গত ফেব্র"য়ারির ১৪ তারিখ সব ধরনের ফুটবল থেকে অবসর নেন রোনালদো। ব্রাজিলের হয়ে ৯৭ ম্যাচে ৬২ গোল করা রোনালদোর অবদানের প্রতি শ্রদ্ধা রেখেই তাকে রোমানিয়ার সঙ্গে প্রীতি ম্যাচের দলে রেখেছিলেন কোচ। ব্রাজিলের হয় একমাত্র পেলেরই (৯৫) রোনালদোর চেয়ে বেশি গোল আছে।
রোনালদোর বিদায়ী ম্যাচে উপস্থিত ছিলেন বার্সেলোনার সভাপতি সান্দ্রো রসেল ও তার সাবেক সতীর্থ কাফু ও রিকার্ডো রোচা।
২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে শেষ আটের ম্যাচটি ছিল ব্রাজিলের হয়ে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। পরিপূর্ণ বিদায় সুযোগ পাওয়ার রোনালদোর চেয়ে তার সতীর্থরাই বেশি উদ্দীপ্ত ছিল। সবাই ঘুরে ফিরে রোনলাদোকে বল ঠেলে দিচ্ছিলেন, যাতে গোলের মাধ্যমে নিজের বিদায় উদযাপন করতে পারেন। দুর্ভাগ্য রোনালদোর, তিনটি সুযোগ পেয়েও গোলের দেখা পাননি।
বিরতির সময় রোনালাদোকে উঠিয়ে নেন কোচ। গোল না করতে পারার দুঃখে হতাশা ঝরেছে তার কণ্ঠে। ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, "তিনটি সুযোগ পেলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার শেষ ম্যাচে কোনো গোল পেলাম না। গোল করতে পারলে হয়তো আপনাদের ভালবাসার প্রতিদান হতো।"
১৯৯৪ থেকে ২০১১ পর্যন্ত ১৭ বছরের ফুটবল জীবনে রোনালদো খেলেছেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও এসি মিলানের মতো দলের হয়ে। তবে, চোট তাকে ফুটবল জীবনে যথেষ্ট ভুগিয়েছে।
তিনবার ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব ওঠে তার হাতে। ২০১০ সালে গোল ডটকমের জরিপে দর্শকের ভোটে দশকের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৮৩৪ ঘ.
bdnews24