ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রেস ট্রাস্ট ইন্ডিয়ার (পিটিআই) খবর মতে, আগষ্টের ৩০ তারিখ আর্জেন্টিনার কলকাতায় আসা অনেকটাই নিশ্চিত। এর ফলে, আর্জেন্টিনার ঢাকায় আসাও এক অর্থে নিশ্চিত হয়ে গেলো।
তবে সংশয় দেখা দিয়েছে মেসির উপমহাদেশ সফর নিয়ে। স্পেনের লা লিগার নতুন মৌসুম শুরু হচ্ছে ২৯ আগষ্ট থেকে। মেসির দল বার্সেলোনা চাইবেনা তাকে ছাড়া মৌসুমের শুরুতে মাঠে নামতে। তাই মেসির কলকাতা ও ঢাকা সফরের জন্য বার্সার অনুমতি মিলবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে।
তবে আশার বাণী হয়ে দেখা দিতে পারে ভাস্কর গোস্বামীর বক্তব্য। পুরো বিষয়টির তদারকি করা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান 'সেলিব্রেটি ম্যানেজমেন্ট' এর এই কর্মকর্তা পিটিআইকে জোর দিয়ে বলেন, "পূর্ণশক্তির আর্জেন্টিনাকেই আনা হবে"।
"পুরো শক্তির আর্জেন্টিনা দলকে আনার বিষয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। যাতে মেসি ও তেভেজের কথা আলাদা করে উল্লেখ করা আছে। চুক্তিই তাদের আসার নিশ্চয়তা দিচ্ছে।"
আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রন সংস্থার (ফিফা) অনুমোদন সাপেক্ষে ২ সেপ্টেম্বর কলকাতায় ভেনেজুয়েলার সঙ্গে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৬ সেপ্টেম্বর ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা লড়বে 'সুপার ইগলস' নাইজেরিয়ার বিপক্ষে।
৪ দিনের কলকাতা সফরে আর্জেন্টিনা দল বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করবে। এর মধ্যে দুস্থ শিশুদের সাহায্যার্থে একটি চ্যারিটিশোতে দেখা যাবে তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমএইচ/২১৫৫ ঘ.
bdnews24