২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার হেসে-খেলে জয়

পয়েন্ট তালিকায় তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে একরকম হেসে-খেলেই জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বাংলাদেশ ফুটবল লিগে মঙ্গলবার তারা ৩-০ গোলের আয়েশী জয় তুলে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পয়েন্ট তালিকায় তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে একরকম হেসে-খেলেই জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বাংলাদেশ ফুটবল লিগে মঙ্গলবার তারা ৩-০ গোলের আয়েশী জয় তুলে নেয়। কক্সবাজার স্টেডিয়ামের খেলায় মুক্তিযোদ্ধা এতোটাই আক্রমণাত্ত্বক ছিল, প্রতিপক্ষকে কোন প্রতিরোধ গড়ার সুযোগই দেয়নি তারা। মূলত প্রতিপক্ষের আক্রমণগুলো সামলাতেই চট্টগ্রাম আবাহনীকে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়েছে । জোয়ারের মতো ধেয়ে আসা মুক্তিযোদ্ধার আক্রমণগুলো যে চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা খুব ভালোভাবে সামলাতে পেরেছে তা বলা যাবে না। খেলা শুরু হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই গোল হজম করে তারা। ১৭ মিনিটে রক্ষণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় ড্যামি ইমানুয়েল মুক্তিযোদ্ধার পক্ষে সূচনা গোল করেন। এক গোল পেয়ে মুক্তিযোদ্ধার আক্রমণের ধার আরও বেড়ে যায়। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে তারা। এবার গোলদাতা মিথুন চৌধুরী। খেলার ৩৮ মিনিটে মিথুন দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। এ গোলটি করে মিথুন গোলদাতার তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তার মোট গোল সংখ্যা ১৪। এর আগে তিনি ১৩ গোল নিয়ে ঢাকা আবাহনীর আক্রমণভাগের ঘানার খেলোয়াড় থুয়াম ফ্রাঙ্কের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ছিলেন। মিথুনের গোলের পর নড়ে-চড়ে বসেন মুক্তিযোদ্ধার আক্রমণভাগের সুদানের খেলোয়াড় জেমস মগা। গোল করার তাড়না পেয়ে বসে তাকেও। দ্বিতীয়ার্ধের শুরুতে সে সুযোগটি পেয়েও যান মগা। খেলার ৫৩ মিনিটে চট্টগ্রাম আবাহনীর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি। এ গোলটি করে জেমস মগা আর অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। তার গোল সংখ্যা এখন ১৬। গোলদাতার তালিকায় তিনি এমনিতেই শীর্ষে ছিলেন। এবার আরও এগিয়ে গেলেন। এ জয়ে ১৯ খেলায় ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থেকে গেলো মুক্তিযোদ্ধা। আর হারের ফলে ১৯ খেলায় ৫ পয়েন্ট নিয়ে সেই তলানিতে অবস্থান চট্টগ্রাম আবাহনীর। আর ১৯ খেলায় ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিএ/২০৪৪ ঘ.