ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রান্সের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই সবাইকে চমকে দিয়েছেন মার্ভিন মার্টিন। সোমবার ইউক্রেনের বিপক্ষে তিনি দুটি গোল নিজে করেন আর একটি করিয়েছেন। প্রীতি ম্যাচে ফ্রান্স জেতে ৪-১ গোলে।
আর অস্ট্রেলিয়া ও সার্বিয়ার খেলাটি গোলশূন্য ড্র হয়।
পূর্ব ইউরোপের তিনটি দেশে ৬ দিনের সংক্ষিপ্ত সফরে আছে ফ্রান্স। খেলবে তিন ম্যাচ। সোমবার দ্বিতীয় খেলায় ইউক্রেনের মাটিতে নেমেছিল তারা।
শুক্রবার ইউরো ২০১২ বাছাইপর্বের খেলায় বেলারুশের সঙ্গে ১-১ গোলের ড্র করে ফ্রান্স। কোচ লরেন্ত ব্ল্যাঁ দলে ব্যাপক পরিবর্তন করেন। সেই দলের দশ জন খেলোয়াড় পরিবর্তন করে এক অর্থে নতুন এক দল নামিয়েছিলেন তিনি।
খেলার শুরুতে অবশ্য তার প্রতিফলন ঘটেনি। প্রথমার্ধে ফ্রান্সের সেই হতাশাজনক ফুটবলের প্রদর্শন। অবশ্য ইউক্রেনের তারকা খেলোয়াড় আন্দ্রে শেভচেঙ্কো চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। ইউক্রেনের অনভিজ্ঞ আক্রমণভাগ ফ্রান্সের দূর্বল রক্ষণকে সামনে পেয়েও খুব একটা সুবিধা করতে পারছিল না।
দ্বিতীয়ার্ধের শুরুতে ঠিকই সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা। অপ্রত্যাশিত এক গোল হজম করে বসে অতিথি দল ফ্রান্স। ৩৫ গজ দূর থেকে নেয়া আনাতোলি তাইমশচুকের শট ফ্রান্স গোলরক্ষক স্টিভ মানদান্দার ভুলে জালে জড়িয়ে যায়। মানদান্দার বলের লাইনে ঝাঁপিয়ে পড়তে দেরি করায় গোলটি হজম করতে হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।
গোল খেয়েই যেন দুর্বার হয়ে ওঠে ফ্রান্স। কেভিন গামেইরোর কল্যাণে ৫ মিনিটের ব্যবধানে খেলার সমতায় ফেরে তারা। এরপরই যেন খেলায় প্রান ফিরে আসে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। তবে, করিম বেনজেমা ও ফ্রাঙ্ক রিবেরির মতো খেলোয়াড়দের ব্যর্থতায় ফ্রান্সকে এগিয়ে যেতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়।
৭৬ মিনিটে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মার্ভিন মার্টিন। তার শেষ 'পাঁচ মিনিট'র ম্যাজিকে তিন গোলের দেখা পায় ফ্রান্স। ৮৭ মিনিটে মার্টিনের দুর্দান্ত শট ইউক্রেনের জালে জড়িয়ে যায়। দুই মিনিট পর মার্টিনের কর্নার খুঁজে পায় ইউনেস কাবুলের মাথা। বলের শেষ ঠিকানা হয় জালে।
আর অতিরিক্ত সময়ে বেনজেমার 'পাস' আবারও ইউক্রেনের জালে জড়ান মার্টিন। ফ্রান্স পায় ৪-১ গোলের বড় জয়। আর ব্যক্তিগত দুই গোলের মাধ্যমে নিজের অভিষেক স্মরণীয় করে রাখেন মার্ভিন মার্টিন।
৯ জুন পোল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমএইচ/১৯৪৪ ঘ.
bdnews24