ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাইজেরিয়ার কাছে হারের ক্ষত শুকানোর আগেই আবারও হারের স্বাদ নিতে হলো আর্জেন্টিনাকে। রোববার প্রীতি ম্যাচে পোলান্ডের কাছে ২-১ গোলে হার মেনেছে তারা।
অন্যদিকে, অস্ট্রেলিয়া ৩-০ গোলে নিউজিল্যান্ডকে ও চীন ১-০ গোলে উজবেকিস্তানকে হারায়।
নাইজেরিয়ার কাছে গত বুধবার ৪-১ গোলে হারে আর্জেন্টিনা। দ্বিতীয় সারির দল খেললেও 'সুপার ঈগলস'দের কাছে এত বড় হার নিয়ে প্রশ্ন ওঠে বিস্তর। আর্জেন্টিনার ফুটবল প্রধান হুলিও গ্রন্দোনাও সমালোচনা করতে ছাড়েননি কোচ সার্জিও বাতিস্তার।
আর ম্যাচ পাতানোর গন্ধ পেয়ে ফিফাও সিদ্ধান্ত নেয় তদন্তের। এত সব কাহিনীর ফাঁকে পোলান্ডের বিপক্ষে আর্জেন্টিনার হার চায়ের কাপে নতুন গল্পের খোরাক জোগালো নিঃসন্দেহে।
২৫ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় ফ্রেডরিকো ফ্যাজিওর জঘন্য ভুলে গোল খায় দক্ষিণ আমেরিকার দলটি। বিপদ-মুক্ত করতে গিয়ে হাওয়ায় পা চালান তিনি। সুযোগ সন্ধানী মিরজেজেওস্কি সুন্দর ভলিতে পরাস্ত করেন গোলরক্ষক গ্যাববারিনিকে।
বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনার চেয়ে অনেক এগিয়ে ছিল স্বাগতিক পোল্যান্ড। ব্যবধান বাড়াতে চাপিয়ে খেলতে থাকে তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার ধারার বিপরীতে গোল শোধ করে বসে আর্জেন্টিনা। ইমিলানিয়া ইনসুয়া লম্বা করে বল দেন মার্কো রুবেনের কাছে। বল জড়িয়ে দেন তিনি পোল্যান্ডের জালে। কোচ বাতিস্তা যেন হাফ ছেড়ে বাঁচেন। এরপর জেতার জন্য খেলতে গিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে তার দল। কিন্তু পোল্যান্ডের রক্ষণভাগকে ফাঁকি দেয়া সম্ভব হয়নি।
৬৭ মিনিটে উল্টো গোল খায় বাতিস্তার দল। পোল্যান্ডের জয়সূচক গোলটি আসে ব্রোজেকের পা থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২৩৫ ঘ.
bdnews24